ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

এই রেফারি মাঠে থাকলে হারে না মেসিরা

এই রেফারি মাঠে থাকলে হারে না মেসিরা
×

মরক্কো বংশোদ্ভূত মার্কিন রেফারি ৪৪ বছর বয়সী ইসমাইল এলফাত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১০:২৮ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ১০:৪৮

২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বুধবার রাতে আটলান্টায় হতে যাওয়া এই ম্যাচের রেফারি হিসেবে মরক্কো বংশোদ্ভূত মার্কিন ইসমাইল এলফাতকে নিয়োগ দিয়েছে ফিফা। আর এই ঘোষণা আসার পর থেকেই ফুটবল বিশ্বে একটি পরিসংখ্যান নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে।

ফুটবলভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ওয়ার্ল্ড সকার টক’-এর একটি বিশেষ প্রতিবেদন অনুযায়ী, ইসমাইল এলফাত ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করেছেন, এমন ম্যাচে লিওনেল মেসির দল আজ পর্যন্ত কোনোদিন হারের মুখ দেখেনি! মরক্কান-আমেরিকান এই রেফারির উপস্থিতিতে শতভাগ জয়ের এক অবিশ্বাস্য ‘নিখুঁত’ রেকর্ড ধরে রেখেছেন মেসি।

কে এই ইসমাইল এলফাত?

‘ওয়ার্ল্ড সকার টক’ তাদের প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরেছে যে, ইসমাইল এলফাত অফিশিয়াল বা দায়িত্বে থাকা অবস্থায় লিওনেল মেসির দল মোট ৫টি ম্যাচ খেলেছে এবং পাঁচটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে।

এই তালিকার সবচেয়ে স্মরণীয় ম্যাচটি ছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফাইনাল। লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সেই শ্বাসরুদ্ধকর রাতে ডাগআউটে চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই ইসমাইল এলফাত।

২০২৩ সালে মেসি আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এলফাত দলটির মোট ৪টি ম্যাচ পরিচালনা করেছেন। যার সবকটিতেই শেষ হাসি হেসেছে মায়ামি। এর মধ্যে অন্যতম ছিল ২০২৩ সালের ঐতিহাসিক লিগস কাপের ফাইনাল, যেখানে টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয়ে মায়ামির ইতিহাসে প্রথম ট্রফি উঁচিয়ে ধরেছিলেন মেসি।

চলমান বিশ্বকাপে রেফারি হিসেবে এটি ইসমাইল এলফাতের চতুর্থ ম্যাচ হতে যাচ্ছে। এর আগে তিনি গ্রুপ পর্বে জাপান বনাম নেদারল্যান্ডস ও স্পেন বনাম উরুগুয়ে এবং শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ২-১ ব্যবধানের জয়ের ম্যাচটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন।

আরও পড়ুন

×