ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

তিস্তায় বিলীন হচ্ছে বসতভিটা-আবাদী জমি

তিস্তায় বিলীন হচ্ছে বসতভিটা-আবাদী জমি
×

ফাইল ছবি

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২০ | ০৩:৪৮ | আপডেট: ২৯ জুন ২০২০ | ০৪:০৩

বন্যা ও নদীভাঙন নিয়ে দিশেহারা লালমনিরহাটের তিস্তা ও ধরলা পাড়ের মানুষ। টানা বর্ষণ ও ভারত থেকে আসা পানির তোড়ে তিস্তা ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। 

জেলার চারটি উপজেলার ১০টি ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। এদিকে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের চর গোকুন্ডা গ্রামে চলছে তিস্তার ভাঙন। প্রতিদিন নদীতে বিলীন হচ্ছে বসতভিটা, জীবিকার শেষ সম্বল আবাদী জমি ও ফলের বাগান।

গত এক সপ্তাহে প্রায় ৫০টি বাড়ি, আবাদসহ প্রায় ৩০০ বিঘা আবাদী জমি বিলীন হয়েছে তিস্তায়। সব কিছু হারিয়ে নিঃস্ব এসব মানুষের ঠাঁই হয়েছে চর গোকুন্ডা গ্রামের পাকা রাস্তায়। সেখানেই খোলা আকাশের নিচে অবস্থান করছেন তারা। অনেকের আশ্রয় হয়েছে অন্যের বাড়িতে।

ভাঙন আতঙ্কে বাড়িঘর নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন কেউ কেউ। গাছপালা কেটে বিক্রি করছেন পানির দরে। এদেরই একজন কৃষক জহির উদ্দিন (৫০) । ভাঙন আতঙ্কে ভোর থেকেই তিনি বাড়ি সরাতে ব্যস্ত। ঘরের টিন, আসবাবপত্র ও পরিবার নিয়ে কোথায় উঠবেন সেই চিন্তায় দিশেহারা তিনি।

তিনি বলেন, ‘এমন তিস্তা আগোত দেখি নাই, বাড়ি টানবার সময় দেয় না তিস্তা। চোখের নিমিষে সব শেষ হইয়া গেল।’

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী( অতিরিক্ত দায়িত্বে) আরিফুল ইসলাম জানান, ভাঙন কবলিত ২শ’ ৫০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলার প্রস্তুতি নেওয়া হয়েছে। দু-একদিনের মধ্যে কাজ শুরু হবে।

আরও পড়ুন

×