ইভটিজিংয়ের প্রতিবাদ: হাতুড়ির আঘাতে স্কুলছাত্রীর হাত ভাঙল বখাটেরা
পাবনা অফিস
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ২৩:১৯
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পাবনায় হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে আজমিরা নামের এক জেএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দিয়েছে বখাটেরা। মঙ্গলবার পাবনার চিনাখড়া চরজোড় পুকুরিয়া উত্তরচর গ্রামের ইয়াকুব প্রামানিকের ছেলে রাসেল মিয়া ও তার বন্ধু টিপু এ ঘটনা ঘটায়।
এলাকাবাসী জানিয়েছে, স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই আজমিরাকে উত্যক্ত করত রাসেল। এ ঘটনায় প্রতিবাদ করায় গত মঙ্গলবার রাসেল ও টিপু হাতুড়ি ও রড
দিয়ে পিটিয়ে আজমিরার হাত ভেঙে দেয়। এ সময় আজমিরার মা ফরিদা খাতুন এগিয়ে গেলে তাকেও হাতুড়ি ও লাঠি দিয়ে বেধড়ক পেটায় তারা। মারধরে আজমিরা ও তার মা অজ্ঞান হয়ে যান। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
বামুন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলেমান মিয়া আজমিরাকে দেখতে গিয়ে দুঃখ প্রকাশ করে সমকালকে বলেন, মেয়েটির অনেক বড় ক্ষতি হয়ে গেল। ও এবার জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
এদিকে আজমেরির বাবা আবুদর রহমানের অভিযোগ, ঘটনার পর দু'দিন হয়ে গেলেও ওসি এখনও মামলা গ্রহন করেনি। আসামিদের কাউকে আটক করা হয়নি। অথচ তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
এ বিষয়ে সুজনাগর থানার ওসি মো. বদরুদ্দোজার সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে গেলে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন তিনি।
- বিষয় :
- প্রতিবাদ
- ইভটিজিং
- হামলা
- হাতুড়ি পেটা
- পাবনা