কলেজছাত্রকে শ্বাসরোধে হত্যার পর লাশ ডোবায়
এই ডোবাতেই পড়ে ছিল ফিরোজের লাশ -সমকাল
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯ | ০৩:৩৩
পাবনার চাটমোহর উপজেলার দয়রামপুর গ্রামে শুক্রবার বাড়ির পাশের একটি ডোবা থেকে ফিরোজ হোসেন (২০) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
নিহত ফিরোজ ওই গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি চলতি বছরে পারখিদিরপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন।
পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ডোবার পানিতে ফেলে দেয়া হয়েছে।
নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন ফিরোজ। রাত ১০ টার দিকে দয়রামপুর বাজার থেকে চা খেয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। এরপর আর বাড়ি ফেরেননি। পরে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে স্বজনরা ফিরোজের লাশ উদ্ধার করেন। লাশের গলা, মাথা এবং কপালে আঘাতের চিহ্ন রয়েছে।
চাটমোহর থানার ওসি সেখ নাসীর উদ্দিন বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ফিরোজ পড়াশুনার পাশাপাশি সবজির ব্যবসা করতেন। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
- বিষয় :
- পাবনা
- শ্বাসরোধে হত্যা
- লাশ উদ্ধার
- কলেজছাত্র