যৌন হয়রানির প্রতিবাদ করায় জেএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দিল বখাটেরা
পাবনা অফিস
প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯ | ০৯:০২
যৌন হয়রানির প্রতিবাদ করায় পাবনায় জেএসসি পরীক্ষার্থী আজমিরার হাত ভেঙে দিল বখাটেরা। পাবনার চিনাখড়া চরজোড়পুকুরিয়ার উত্তরচর গ্রামের প্রভাবশালী ইয়াকুব প্রামাণিকের ছেলে রাসেল মিয়া এ কাণ্ড ঘটায়।
এলাকাবাসী জানান, বখাটে রাসেল স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই আজমিরাকে উত্ত্যক্ত করত। প্রতিবাদ করায় মঙ্গলবার রাসেল তার সহযোগী টিপুকে নিয়ে আজমিরাকে রড ও হাতুড়িপেটা করে। এতে একপর্যায়ে তার হাত ভেঙে যায়। মেয়েকে বাঁচাতে মা ফরিদা খাতুন এগিয়ে এলে বখাটেরা তাকেও হাতুড়ি ও লাঠি দিয়ে বেধড়ক পেটায়। এ সময় দু'জনই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে গ্রামবাসী তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন।
এ ঘটনায় রাসেল ও টিপুর সঠিক বিচার দাবি করেছেন স্থানীয়রা। তারা বলেন, ঘটনার দু'দিন পার হয়ে গেলেও আসামিরা আশপাশ দিয়েই ঘুরছে। অথচ পুলিশ তাদের আটক করছে না। মেয়েটির জেএসসি পরীক্ষা। হাত ভাঙার কারণে সে আর পরীক্ষায় অংশ নিতে পারছে না। এ ঘটনায় সুজনাগর থানার ওসি প্রতিবেদনটি লেখা পর্যন্ত মামলা গ্রহণ করেননি বলে জানান আজমিরার বাবা-মা। এমন পরিস্থিতিতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করছেন। ওসির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে 'পরে কথা বলব, পরে দেখছি' বলে কল কেটে দেন।
- বিষয় :
- যৌন হয়রানি
- পাবনা