চট্টগ্রামে ছাত্রদল নেতা অভি হত্যামামলার ৪ আসামি গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৩ জুলাই ২০২০ | ০৫:৩৮
চট্টগ্রামে উচ্চ স্বরে ফোনে কথা বলার জেরে নগরের ডবলমুরিং থানা ছাত্রদল নেতা অভি মীর হত্যা মামলায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- মো. ইরফান প্রকাশ বাবু, মো. শাহরিয়ার ফারদিন প্রকাশ তুহিন, মো. ইয়াছিন আরাফাত প্রকাশ টিটু ও মো. ইব্রাহিম মুন্না। গ্রেফতাররা নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করেছেন।
নগরের ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন বলেন, অভি মীর হত্যা মামলায় চার আসামিকে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিনজন এজাহারনামীয় আসামি ও একজন তদন্তে প্রাপ্ত। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
পুলিশ জানায়, হাজীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে গ্রেফতার আসামিরা মারামারি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভি মীরকে ছুরিকাঘাত করেছেন তারা। গত ১৫ জুন রাতে হাজীপাড়া মসজিদ সংলগ্ন ইমরানের গ্যারেজের সামনে মোবাইল ফোনে উচ্চস্বরে কথা বলা নিয়ে অভি মীরের সঙ্গে আসামিদের কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই মো. ইরফান প্রকাশ বাবুসহ অন্যরা মিলে অভি মীরকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় চিকিৎসাধীন অভি মীর বাদি হয়ে গত ১৮ জুন থানায় মামলা দায়ের করেন। পরে ২৪ জুন চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অভি মীরের।