নিখোঁজের পরদিন আখাউড়ায় বৃদ্ধের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ০৫:২৩
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের এক দিন পর বিরু দাস-(৭৫) নামক এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পৌর এলাকার দেবগ্রাম রেলসেতু এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিরু দাস আখাউড়া পৌর এলাকার খড়মপুর দাসপাড়ার বাসিন্দা ছিলেন। রোববার তিনি নিখোঁজ হন। রোববার রাতে পৌর এলাকায় পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়।
এ ব্যাপারে আখাউড়া থানার ওসি মো. রসুল আহম্মেদ নিজামী জানান, ওই ব্যক্তিকে রোববার দুপুর থেকে পাওয়া যাচ্ছিল না বলে পরিবারের লোকজন এলাকায় মাইকিং করেন। সোমবার সকালে এলাকার লোকজন দেবগ্রাম রেলসেতু এলাকায় খালে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি বলেন, ওই ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।