কিশোরগঞ্জে আরও ১৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ০৫:৪৫ | আপডেট: ০৬ জুলাই ২০২০ | ০৫:৪৮
কিশোরগঞ্জে নতুন করে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬৩১ জনে। এছাড়া জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২ জন। এদের বাড়ি ভৈরব উপজেলায়। এ নিয়ে কিশোরগঞ্জে করোনায় ২৬ জনের মৃত্যু হলো।
সোমবার পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এসব তথ্য জানা গেছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ৭ জন, তাড়াইলে উপজেলায় ১ জন, পাকুন্দিয়া উপজেলায় ১ জন, কটিয়াদী উপজেলায় ২ জন, ভৈরব উপজেলায় ২ জন ও বাজিতপুর উপজেলায় ১ জন রয়েছেন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রি-আইসোলেশন ওয়ার্ডে ভর্তিকৃত জরুরি রোগীসহ সংগৃহীত ৯৪ জনের নমুনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে এবং বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সংগৃহীত ১৩ জনের নমুনা আইসিডিডিআরবি’তে পরীক্ষা করা হয়। দুইটি ল্যাবে মোট ১০৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পুরাতন একজন পজেটিভ রোগীর আবারও করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে সুস্থ হয়েছেন ৪৮ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন এক হাজার ২৪৪ জন। তিনি বলেন, বর্তমানে অন্য জেলায় শনাক্তকৃত ১ জন করোনা পজেটিভসহ জেলায় মোট ৩৬২ জন করোনা রোগী এবং ১১ জন সাসপেক্টটেড/নেগেটিভ বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে তিনজন কোভিড-১৯ পজেটিভ রোগী ভর্তি রয়েছেন।
উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলার ৩৬৬ জন, হোসেনপুর উপজেলার ৩৬ জন, করিমগঞ্জ উপজেলায় ১০৭ জন, তাড়াইল উপজেলায় ৭৯ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ৭৬ জন, কটিয়াদী উপজেলায় ৯৮ জন, কুলিয়ারচর উপজেলায় ১০১ জন, ভৈরব উপজেলায় ৫২৫ জন, নিকলী উপজেলায় ৩০ জন, বাজিতপুর উপজেলায় ১৩৫ জন, ইটনা উপজেলায় ২৯ জন, মিঠামইন উপজেলায় ৩৭ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৬ জন মৃত ব্যক্তি রয়েছেন।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- করোনা আক্রান্ত
- করোনা শনাক্ত
- ঢাকা