পিরোজপুরে কলেজের নৈশপ্রহরীকে কুপিয়ে জখম
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯ | ২৩:১৩
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী কলেজে সন্ত্রাসীরা হামলা চালিয়ে কলেজের নৈশপ্রহরী খাইরুল ফরাজীকে কুপিয়ে জখম করেছে।
শুক্রবার রাত ১০ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
দেশীয় অস্ত্র, লাঠি, রড নিয়ে একদল সন্ত্রাসী তুষখালী কলেজে ঢুকে কলেজ ক্যাম্পাসে থাকা গাড়ি ও বিভিন্ন স্থাপনা ভাংচুর করেন। এ সময় কলেজে দায়িত্বে থাকা নৈশপ্রহরী খাইরুল ফরাজী বাঁধা দিলে তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। হামলাকারীরা কলেজের একটি ট্রাক, একটি বাস, মোটর সাইকেল ও রাস্তার একটি মাহেন্দ্র গাড়ি ভাংচুর করে।
কলেজ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পিরোজপুর জেলা ষ্টেডিয়ামে পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় মঠবাড়িয়া উপজেলা দল। খেলায় ভান্ডারিয়া উপজেলা দল পিরোজপুর সদর উপজেলা দলকে সমর্থন দেয় এবং মাঠে বাদকদলসহ ভান্ডারিয়া উপজেলার কয়েক শত দর্শক উপস্থিত হন। আর এতে ক্ষুব্দ হয়ে ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের প্রতিষ্ঠিত তুষখালী কলেজে হামলা চালানো হয়।
তুষখালী কলেজের প্রতিষ্ঠাতা ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম জানান, মঠবাড়িয়া উপজেলার সাবেক ও বর্তমান উপজেলা চেয়ারম্যানের লোকজন কলেজে হামলা চালিয়েছে। এ হামলা পরিকল্পিত।
মঠবাড়িয়া থানার (ওসি) আবু জাফর মো. মাসুদুজ্জামান জানান, হামলার ঘটনা ঘটেছে। তবে কাউকে মারধরের খবর আমার জানা নেই। এ বিষয়ে এখনও থানায় কোন অভিযোগ পাওয়া যায় নি।
- বিষয় :
- তুষখালী কলেজ
- কুপিয়ে জখম
- সন্ত্রাসী
- পিরোজপুর