ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

পদ্মায় নৌকা ডুবি, নিখোঁজ ৪

পদ্মায় নৌকা ডুবি, নিখোঁজ ৪
×

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০১:৫৭

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে দুইটি ডোঙা নৌকা ডুবিতে ৪ জন নিখোঁজের হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের হারান শেখের ছেলে জুয়েল (৩০), নজু’র ছেলে জাকির (২৫), জলিলের ছেলে শরিফুল (৩১) ও রঞ্জিতের ছেলে জুবা (৩২)। এরা সবাই পেশায় দিনমজুর।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর এলাকার ১৩ জন দিনমজুর সকালে দুইটি ডোঙা নৌকায় চড়ে পদ্মা নদীর চরে উলু ঘাস কাটতে যাচ্ছিলেন। নদীর তীর থেকে একটু দূরে যেতেই প্রবল স্রোতে নৌকা দুটি ডুবে যায়। পরে ৯ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ৪ জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বলেন, সকালে নদী পাড়ি দিয়ে চরে উলু ঘাস কাটতে যাওয়ার সময় নৌকা দুইটি ডুবে যায়। পরে সাঁতার কেটে ৯ জন নদীর তীরে এসে অসুস্থ হয়ে পড়লেও এখন পর্যন্ত ৪ জন নিখোঁজ রয়েছেন।

তিনি আরও বলেন,  উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ায় সুস্থ হয়ে উঠেছেন। তারা সবাই ভেড়ামারা উপজেলার জামালপুরের বাসিন্দা।নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা অমিয় কুমার বিশ্বাস বলেন, সাদিপুর প্রত্যন্ত অঞ্চল হওয়ায় আমরা এখনও ঘটনাস্থলে পৌছাতে পারিনি। তবে পাবনার ফায়ার সার্ভিস দল নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।

আরও পড়ুন

×