এক বছরের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২০ | ০৫:৫০
রাজবাড়ীতে এক বছরের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগে হনুফা বেগম সুমী নামের এক মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার কালিচরণপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। গ্রেপ্তার হনুফা বেগম একই উপজেলার বার্থা গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও আলমগীর হোসেনের স্ত্রী।
রাজবাড়ী সদর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুই বছর আগে বার্থা গ্রামের আলমগীরের হোসেনের সঙ্গে হনুফা বেগমের বিয়ে হয়। স্বামীর সাথে দাম্পত্য কলহের কারণে ছয় মাস আগে মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন হনুফা। মঙ্গলবার দুপুরের দিকে হনুফা তার মেয়েকে নিয়ে বার্থা গ্রামের অনতিদূরে মুরারীপুর গ্রামে গিয়ে শিশুটিকে একটি পুকুরে ফেলে দেন। এ সময় এলাকাবাসী হনুফাকে পুকুর পাড় দিয়ে দৌড়ে চলে যেতে দেখেন। পরে হনুফার নানী ও এলাকাবাসী ওই পুকুর থেকে শিশু সুমাইয়াকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকেই নিহত শিশুটির মা হনুফা পলাতক ছিলেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশু সুমাইয়ার বাবা আলমগীর হোসেন বাদী হয়ে হনুফার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।