সংস্কার কার্যক্রমে বাধা দিলে কঠোর হস্তে প্রতিরোধ করা হবে: হাসনাত
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসনাত আবদুল্লাহ। ছবি-সমকাল
চট্টগ্রাম ব্যুরো ও সাতকানিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৫ | ১৮:৫০
অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে কোনো বাধা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি সবাইকে সরকারের কাজে সহযোগিতা করার আহ্বান জানান।
সোমবার সকালে দলটির চট্টগ্রাম উত্তর জেলায় সাংগঠনিক সফর শুরুর আগে নগরের ষোলশহরে বিপ্লব উদ্যানের সামনে এক জমায়েতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান। যারা সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের ইঙ্গিত করে তিনি বলেন, ‘আপনাদের যদি সংস্কার কার্যক্রম নিয়ে কোনো পর্যালোচনা থাকে, কোনো মন্তব্য থাকে, তাহলে আলোচনার মাধ্যমে সেটা সমাধান করুন। সংস্কার কার্যক্রমে বাধা দিলে কঠোর হস্তে তা প্রতিরোধ করা হবে। সরকারকে সহযোগিতা করুন, সংস্কার কার্যক্রমকে সহযোগিতা করুন। কিন্তু সরকারকে যদি জিম্মি করেন, সেটার পরিস্থিতি ভালো হবে না। আপনাদের তো কোনো হিম্মত ছিল না ফ্যাসিবাদী সরকারকে প্রশ্নবিদ্ধ করার।’
তিনি আরও বলেন, ‘জনগণের মুখোমুখি দাঁড়িয়ে এ সরকারকে যদি আপনারা হুমকি দেন, ধমকি দেন, সরকারের সংস্কার কার্যক্রমে বাধা দেন, তাহলে মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে।’
সচিবালয়ে আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন হাসনাত। তিনি বলেন, ‘পাঁচ আগস্টের আগ পর্যন্ত সচিবালয়ের কোনো সচিব, কোনো কর্মকর্তা, কোনো কর্মচারী কি পদত্যাগ করেছিল? রাস্তার মধ্যে সন্তানদের, দেশের সাধারণ নাগরিকদের গুলি করে যখন হত্যা করছিল, একজন সচিব, একজন আমলা, একজন সরকারি কর্মকর্তা-কর্মচারী কি পদত্যাগ করেছিল?’
তিনি বলেন, আজ যখন সরকার সংস্কার কার্যক্রম শুরু করছে, সেখানে তারা সহযোগিতা না করে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের জীবন থাকতে, স্পষ্ট ভাষায় বলতে চাই, হাসনাত আবদুল্লাহ বেঁচে থাকতে, দেশে লাখ লাখ হাসনাত আবদুল্লাহ রয়েছে, তারা বেঁচে থাকতে সরকারের সংস্কার কার্যক্রমে যদি বাধা আসে, সচিবালয় থেকে যদি বাধা আসে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হস্তে সেটা প্রতিরোধ করা হবে। আপনারা এটা ভাববেন না যে, আপনাদের বিকল্প নেই। জনগণ বিকল্প খুঁজে নেবে।’
এর আগে চট্টগ্রামের সাতকানিয়ায় এনসিপি নেতা হাসনাত অন্য দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, 'বউত দিন হাইয়ো, আর না হাইয়ো'। তার এই বক্তব্যের পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে। কেননা ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালীন সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) চট্টগ্রাম জেলার সহ-সভাপতি অধ্যাপক ডা. আ. ম. ম. মিনহাজুর রহমান একই বক্তব্য দিয়েছিলেন।
গত রোববার থেকে চট্টগ্রামে দল গুছানোর অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলায় পথসভা ও গণসংযোগ করছেন হাসনাত আবদুল্লাহসহ দলটির সিনিয়র নেতারা। রোববার দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় এই কর্মসূচি পালন করা হয়। আজ উত্তর চট্টগ্রামের ছয় উপজেলায় ছয়টি পথসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার। স্থানগুলো হচ্ছে- রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারহাট, রাউজান বাসস্ট্যান্ড, হাটহাজারী ডাকবাংলো, ফটিকছড়ির বিবিরহাট বাসস্ট্যান্ড, মীরসরাইয়ের বারইয়ারহাট বাজার ও সীতাকুণ্ড বাজার। আজ সকালে নগরের বিপ্লব উদ্যানের জমায়েতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মো. আতাউলসহ, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন প্রমুখ।
- বিষয় :
- সাতকানিয়া
- হাসনাত আব্দুল্লাহ
- চট্টগ্রাম
