এখনও আওয়ামী লীগের সঙ্গে ঐক্যের প্রয়োজন: মেনন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ০৪:৩১ | আপডেট: ০২ নভেম্বর ২০১৯ | ০৫:৪৯
মুক্তিযুদ্ধের চেতনার একটি বাংলাদেশ গড়ার জন্য আওয়ামী লীগের সঙ্গে তাদের দলের এখনও ঐক্যের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের দশম কংগ্রেস উদ্বোধনীতে এ মন্তব্য করেন তিনি।
মেনন বলেন, বিএনপি-জামায়াতের সময় যখন দেশে মৌলবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার উত্থান ঘটেছিল, সেই বিশেষ বাস্তবতায় স্বাধীনতার স্বপক্ষের শক্তির সঙ্গে পার্টির ঐক্য গড়ে ওঠে।
তিনি বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগের সঙ্গে ১৪ দল ঐক্যবদ্ধ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে। সেই বাস্তবতা এখনো শেষ হয়নি। মুক্তিযুদ্ধের চেতনার একটি বাংলাদেশ গড়ার জন্য এই ঐক্যের এখনও প্রয়োজন আছে।
দুর্নীতিবিরোধী অভিযানে ওযার্কার্স পার্টি প্রধানমন্ত্রীর পাশে রয়েছে জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ওয়ার্কার্স পার্টি লড়াই করবে।
এ সময় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, আমরা কারও ঘাড়ে হাত রেখে রাজনীতি করব না। কারও ছায়াতলে আমরা রাজনীতি করব না। আমরা নিজের পায়ে দাঁড়িয়ে নিজস্ব সংগ্রাম ও দৃষ্টিভঙ্গির ভিত্তিতে রাজনীতি করব।