ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

করোনায় ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান লোকমানের মৃত্যু

করোনায় ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান লোকমানের মৃত্যু
×

মো. লোকমান হোসেন মৃধা-ফাইল ছবি

ফরিদপুর অফিস

প্রকাশ: ১০ জুলাই ২০২০ | ০২:২৩ | আপডেট: ১০ জুলাই ২০২০ | ০৮:৪৯

করোনায় আক্রান্ত হয়ে ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মুক্তিযোদ্ধা মো. লোকমান হোসেন মৃধা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)।

শুক্রবার বেলা ১১টায় ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।    

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দেশের বিশিষ্ট নাগরিকরা মো. লোকমান হোসেন মৃধার মৃত্যুতে শোক জানিয়েছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 

ফরিদপুরে ‘লোকমান স্যার’ নামে সব মহলে পরিচিত সদা হাস্যজ্জ্বল লোকমান হোসেন মৃধা রাজনীতীর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। রেড ক্রিসেন্ট সোসাইটি ফরিদপুর ইউনিটের সভাপতি ছিলেন তিনি।এছাড়া তিনি ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতির দায়িত্ব পালন করেছেন। ফরিদপুর উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষকের পদ থেকে অবসরে যাবার পর থেকে রাজনীতিতে সার্বক্ষণিক সময় দেওয়ার পাশাপাশি নিজেকে জনহিতকর নানা কর্মকাণ্ডের সাথে যুক্ত রেখেছিলেন লোকমান হোসেন মৃধা। 

উল্লেখ্য, গত ২৩ জুন তিনি করোনা উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। পরে তার করোনা টেস্ট করা হলে তা পজিটিভ আসে। তিনি ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে আরও বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ্ ও আব্দুর রহমান, ফরিদপুর সদর-৩ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-২ আসনের সাংসদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী,  ফরিদপুর-১ আসনের সাংসদ মঞ্জুর হোসেন বুলবুল, ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ. কে. আজাদ, দৈনিক সমকালের উপ-সম্পাদক মু্ক্তিযোদ্ধা আবু সাঈদ খান, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ  সুপার মো. আলীমুজ্জামান, ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা , সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, রেড ক্রিসেন্ট সোসাইটি ফরিদপুর ইউনিট, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।

ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান মরহুম লোকমান হোসেন মৃধার এপিএস রেজাইল করিম মিঠু জানান, শুক্রবার বিকেলে ফরিদপুর জেলা পরিষদ চত্বরে নামাজে জানাজা ও গার্ড অব অনার শেষে সন্ধ্যায় ফরিদপর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের মহিউদ্দিন মৃধারডাঙ্গী গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। 

আরও পড়ুন

×