অনলাইনে ক্লাস উপলক্ষে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের আলোচনা অনুষ্ঠান
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২০ | ০৫:২২
রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের দুই মাস পূর্তি উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জুম সফটওয়ারের মাধ্যমে জেলা প্রশাসন, তথ্য প্রযুক্তি বিভাগের কর্মকর্তা, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
করোনা সংক্রমণের ফলে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যালয়ের শিক্ষকদের স্বতস্ফূর্ত উদ্যোগে গত ৯ মে থেকে অনলাইন ক্লাস কার্যক্রম চালু হয়।
অনলাইন আলোচনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবা আক্তার বলেন, স্বাস্থ্যঝুঁকির মাঝে যখন সবকিছু স্থবির ছিল। তখনই চিন্তাভাবনা চলছিল কিছু করা যায় কীনা? বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদ্যুৎ কুমার দাস উদ্যোগি হয়ে এ অনলাইন ক্লাস চালু করেন। বর্তমানে ২১ জন শিক্ষক এ অনলাইন ক্লাসে যুক্ত আছেন। নিয়মিত পাঁচটি করে ক্লাস নেয়া হচ্ছে। এটা আমাদের বিরাট এক সফলতা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদ্যুৎ কুমার দাসের সঞ্চালনায় অন্যদের মাঝে আলোচনায় অংশ নেন- রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সরকার আব্দুল্লাহ আল মামুন, এটুআই এর প্রোগ্রাম কো অর্ডিনেটর মো. কবির হোসেন, প্রোগ্রাম অ্যসিস্ট্যান্ড অভিজিৎ সাহা, ফরিদপুর টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক রোকনুজ্জামান শিকদার, সহকারী অধ্যাপক মাহিদুল ইসলাম, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যাপক আক্কাছ আলী, রাজবাড়ীর প্রাক্তন জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজধানী ঢাকার মতিঝিল গভঃ বয়েজ স্কুলের সহকারী শিক্ষক শাহীনা কবির, মোহম্মদপুর গভঃ বয়েজ স্কুলের সহকারী শিক্ষক উম্মে হাবিবা, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান, কলেজ শিক্ষক শামীমা আক্তার মুনমুন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহীন আল মাসুদ প্রমুখ।
বক্তারা বলেন, এ ধরণের কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। শিক্ষার্থীদের আরও বেশি উৎসাহিত করবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক শিক্ষার্থী সবাইকে প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা থাকা একান্ত প্রয়োজন।
আলোচনা শেষে জুম সফটওয়ার এর মাধ্যমে অনুষ্ঠিত হয় গান, কবিতা আবৃত্তি।
- বিষয় :
- রাজবাড়ী