ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০

নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০
×

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২০ | ০৬:১৯

নোয়াখালীর চাটখিল উপজেলায় করোনায় ৬৫ বছর বয়সী আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চাটখিল উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জন ও জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়ালো। শুক্রবার দুপুরে নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. তামজিদ হোসেন জানান, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ফাওড়া এলাকার বাসিন্দা ওই ব্যক্তি গত ৬ জুলাই প্রচণ্ড জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে দুপুর ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ওই দিন রাতেই তার শরীরের অক্সিজেনের মাত্রা কমে গিয়ে শারীরিক অবস্থার অবনতি ঘটে। এসময় রোগীকে ঢাকা নেওয়ার জন্য বললেও পরিবারের লোকজন তা করেননি।  গত ৭ জুলাই সকাল ৬ টার দিকে তিনি মারা যান। মারা যাওয়ার পর মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ পরীক্ষাগারে পাঠানো হয়। ৯ জুলাই রাতে আসা রিপোর্টে পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

এদিকে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে আরও ৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরে ২, সুবর্ণচরে ৬, হাতিয়ায় ৮, বেগমগঞ্জে ১, সোনাইমুড়ীতে ৫, চাটখিলে ৩, কোম্পানীগঞ্জে ৬ ও কবিরহাটে ৯ জন রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২ হাজার ৪৪০ জন। মোট আক্রান্তদের মধ্যে সদরে ৭৩০, সুবর্ণচরে ১৬৪, হাতিয়া ৬২, বেগমগঞ্জে ৬৮৬, সোনাইমুড়ীতে ১৩৩, চাটখিলে ১৪৪, সেনবাগে ১০৬, কোম্পানীগঞ্জে ১৪৪ ও কবিরহাটে ২৭১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪৩ জন ও আইসোলেশনে রয়েছেন ৯৪৪ জন।


আরও পড়ুন

×