ইটনায় হাওরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ১০ জুলাই ২০২০ | ০৯:৪২ | আপডেট: ১০ জুলাই ২০২০ | ০৯:৪৯
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বাড়ির পাশে বাঁধা নৌকায় খেলা করার সময় হাওরের পানিতে পড়ে গিয়ে জুনায়েদ (৫) নামের এক শিশু মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়াকান্দা মাদ্রাসাহাটির কাছে পানিতে জাল ফেলে শিশুটির মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী। জুনায়েদ গজারিয়াকান্দা মাদ্রাসাহাটির দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান জানান, বিকেল ৩টার দিকে শিশুটি তার মা নাজমা আক্তারের কাছ থেকে খেলা করার কথা বলে অন্য শিশুদের সঙ্গে গিয়ে বাড়ির ঘাটে বাঁধা নৌকায় ওঠে। এর এক পর্যায়ে সে পানিতে পড়ে তলিয়ে যায়। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী শিশুটির খোঁজে পানিতে জাল ফেলে। প্রায় দেড় ঘণ্টা পর ঘটনাস্থলের কাছে জাল ফেলে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।
- বিষয় :
- ডুবে মৃত্যু
- শিশুর মৃত্যু
- ইটনা
- ঢাকা
- কিশোরগঞ্জ