ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

চাকরির প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে গণধর্ষণ, আটক ১

চাকরির প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে গণধর্ষণ, আটক ১
×

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ১০:৫০ | আপডেট: ০২ নভেম্বর ২০১৯ | ১১:৩৩

নরসিংদীতে চাকরির প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে শিবপুর উপজেলার সৃষ্টিগড় হাজীবাগান এলাকায় এ ঘটনা ঘটে। 

ধর্ষণের শিকার ওই ছাত্রীকে  শনিবার বিকেলে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ রাকিব মিয়া (২০) নামে একজনকে গাড়িসহ আটক করেছে।

আটক রাকিব শিবপুর উপজেলার সৃষ্টিগড় গ্রামের রবিউল্লাহর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত একই এলাকার শহিদ মিয়ার ছেলে আরিফ (২৫) ও অজ্ঞাতনামা এক গাড়িচালক পলাতক রয়েছে।

নির্যাতনের শিকার ওই ছাত্রী ও পুলিশ জানায়, ফোনে পরিচয়ের সূত্র ধরে অভিযুক্ত আরিফ একটি শিল্পপ্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে সৃষ্টিগড় এলাকায় যেতে বলে। শুক্রবার বিকেলে সে সৃষ্টিগড় গেলে একটি মাইক্রোবাসে উঠিয়ে নেয় আরিফ ও তার দুই সহযোগী রাকিব ও অজ্ঞাতনামা এক যুবক। চাকরির খোঁজে সারা বিকেল গাড়িতে ঘুরিয়ে সন্ধ্যার পরে অপরিচিত জায়গায় নিয়ে যেতে চাইলে ওই ছাত্রী চিৎকার শুরু করে। এ সময় তাকে মারধর করা হয়। পরে হাজীবাগান এলাকার একটি নির্জন জঙ্গলে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। সকালে জঙ্গলের পাশের একটি বাড়িতে নিয়ে তাকে আটকে রাখা হয়। সেখান থেকে ওই ছাত্রী কৌশলে পালিয়ে গিয়ে স্থানীয়দের সহায়তায় শিবপুর মডেল থানায় গেলে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে ও পরে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক মাহমুদুল কবির বাশার বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের বিষয়টি ধারণা করা হচ্ছে। ভিকটিমকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। রোববার গাইনি বিভাগের চিকিৎসক আরও পরীক্ষা করবেন।

শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মুমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো মামলা হয়নি। ধর্ষণের শিকার তরুণীর মৌখিক অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

×