লোহাগড়ায় ছেলের হাতুড়ির আঘাতে মায়ের মৃত্যু
প্রতীকী ছবি
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ০৮:৪৯
নড়াইলের লোহাগড়ায় সাব্বির মোল্যা (২৬) নামের এক ছেলের হাতুড়ির আঘাতে তার মা আসমা বেগম ওরফে চম্পার (৪৬) মৃত্যু হয়েছে। তবে ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মঙ্গলহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
আসমা বেগম মঙ্গলহাটা গ্রামের নির্মাণ শ্রমিক আব্দুর রাজ্জাক মোল্যার স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সাব্বির মোল্যার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মঙ্গলবার দুপুরে মা আসমা বেগমের ঝগড়া ও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাব্বির হাতুড়ি দিয়ে মায়ের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নওয়াপাড়া নামক স্থানে আসমা বেগমের মৃত্যু হয়। পুলিশ সন্ধ্যায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ছেলে সাব্বিরকে আটকের চেষ্টা চলছে।