যশোর-৬ আসনে জয়ী নৌকার শাহীন চাকলাদার
শাহীন চাকলাদার
যশোর অফিস
প্রকাশ: ১৪ জুলাই ২০২০ | ১২:৩৩
যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৩ ভোট।
বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ নির্বাচন থেকে সরে দাড়াঁনোর পরও ২ হাজার ১২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। একাই মাঠ চষে বেড়ানো অপরপ্রার্থী জাতীয়পার্টির হাবিবুর রহমান পেয়েছেন ১ হাজার ৬৭৮ ভোট।
ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করে মঙ্গলবার রাতে জানান, বুধবার আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে।
কেশবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশীদ জানান, মোট ২ লাখ ৩ হাজার ১১৮ জন ভোটারের মধ্যে ১ লাখ ২৯ হাজার ৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল হয়েছে ১ হাজার ৩৭৪ ভোট। ভোট পড়েছে ৬৩ দশমিক ৫৭ শতাংশ।
গত ২১ জানুয়ারি সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যু হলে আসনটি শূন্য হয়।উ পনির্বাচনের তফসিল অনুযায়ি গত ২৯ মার্চ ভোটগ্রহণের কথা থাকলেও করোনার কারণে ২২ মার্চ ওই নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, বিএনপির আবুল হোসেন আজাদ ও জাতীয় পার্টির প্রার্থী হাবিবুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে বিএনপির দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ৫ জুলাই ভোট বর্জন করেন বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ।
- বিষয় :
- যশোর
- উপনির্বাচন