পাউবোর বাঁধে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
সিরাজগঞ্জ সদর উপজেলার মালশাপাড়ায় পাউবোর ৩ নম্বর ক্রসবার বাঁধে বৃহস্পতিবার থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন সমকাল
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫ | ২৩:৪০
পানিসম্পদ উপদেষ্টার হস্তক্ষেপে সিরাজগঞ্জে পাউবোর শহর রক্ষা বাঁধ দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সহায়তায় গত বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে সদরের মালশাপাড়ায় পাউবোর তিন নম্বর ক্রসবার ‘চায়না বাঁধে’ অবৈধ ১২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বেশ কিছু স্থাপনা ও ঝুপড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। দীর্ঘদিন পর পাউবোর উচ্ছেদ কার্যক্রম শুরুর আগে মাইকিং করে সতর্ক করা হয়েছে। এর পরও সরানো হয়নি এসব অবৈধ স্থাপনা।
পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল হাসান বলেন, গত বছর ছাত্র-জনতার আনদোলনের পর স্থানীয় অসাধু লোকজন পাউবোর শহর রক্ষা বাঁধের ‘হার্ডপয়েন্ট’ ও ক্রসবার ১, ২ ও ৩ এলাকায় ঝুঁকিপূর্ণভাবে দোকানপাট ও ঝুপড়ি গড়ে তুলে অবৈধভাবে ব্যবসা শুরু করে। এতে শহর রক্ষা বাঁধ ঝুঁকিতে পড়ে।
জেলা আইনশৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সভায় জেলা প্রশাসনকেও দখলের বিষয়টি বারবার জানানো হয় উল্লেখ করে নাজমুল হাসান বলেন, যৌথ বাহিনীকেও অবহিত করা হয়। কিন্তু কেউ দখলমুক্ত করতে পদক্ষেপ নেননি। গণমাধ্যমকর্মীরা বিষয়টি সম্প্রতি উপদেষ্টাকে জানান। এর পর জেলা প্রশাসনের নির্দেশে সদরের সহকারী কমিশনার (ভূমি) ও যৌথ বাহিনীর নেতৃত্বে পাউবোর অভিযান শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্ট এলাকায় দখল হলেও পাউবো থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে শহরের বাসিন্দাদের ক্ষোভ রয়েছে। হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধের ‘হার্ডপয়েন্ট’ ও ক্রসবার বাঁধ দখলের কারণে ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। সৌন্দর্য হারানোর পাশাপাশি স্থাপনাটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাঁধটি বন্যা থেকে শহরের বাসিন্দাদের রক্ষা করছে।
এ বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, পানিসম্পদ উপদেষ্টার নির্দেশে জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সহাযতায় পাউবোর উচ্ছেদ অভিযান চলছে। ভবিষ্যতে শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকা দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।
- বিষয় :
- পাউবো
