ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

দৌলতদিয়ায় স্রোতে ফেরি চলাচল ব্যাহত, ট্রাকের দীর্ঘ লাইন

দৌলতদিয়ায় স্রোতে ফেরি চলাচল ব্যাহত, ট্রাকের দীর্ঘ লাইন
×

ছবি: সমকাল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০৭:২৩ | আপডেট: ১৬ জুলাই ২০২০ | ০৭:২৭

পদ্মা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্রোত। আর তীব্র স্রোতের কারণে দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরিগুলোর প্রতিটি ট্রিপে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। এতে করে দৌলতদিয়া ঘাট এলাকায় গত এক সপ্তাহ ধরে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। প্রতিটি পন্যবাহী ট্রাককে ফেরির নাগাল পেতে অপেক্ষা করতে হচ্ছে কমপক্ষে দুই থেকে তিন দিন।

সরেজমিনে বৃহস্পতিবার বিকেলে দৌলতদিয়া ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, পানি বাড়ায় ফেরিঘাটগুলো তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। দৌলতদিয়ায় থাকা ছয়টি ফেরিঘাটের মধ্যে ১ ও ২ নম্বর গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এখন পর্যন্ত ওই দুটি ঘাট চলাচলের উপযোগী হয়নি। বাকি ৩, ৪, ৫ ও ৬ নম্বর ঘাট ছুঁই ছুঁই করছে পানি। আশঙ্কা করা হচ্ছে, পানি যেভাবে বাড়ছে তাতে হয়তো দুয়েকদিনের মধ্যে তলিয়ে যাবে সচল থাকা ৪টি ঘাটও।

পানি বাড়ায় নদীতে তৈরি হওয়া প্রবল স্রোতের বিপরীতে চলতে গিয়ে ১৬টি ফেরির মধ্যে বিকল হয়েছে ৩টি। বাকি ১৩টি ফেরি দিয়ে চলছে পারাপার। এছাড়া প্রবল স্রোতের কারণে ৩০ মিনিটের নৌপথ পারি দিতে প্রতিটি ফেরির সময় লাগছে একঘণ্টাও বেশি। যে কারণে ঘাট এলাকায় তৈরি হচ্ছে পন্যবাহী ট্রাকের দীর্ঘ সারি।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় অন্তত ৩০০ ট্রাক আটকে আছে। এছাড়াও গোয়ালন্দ মোড় থেকে কুষ্টিয়া রুটে রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া পর্যন্ত অন্তত ৭০০ পণ্যবাহী ট্রাক ও গোয়ালন্দ মোড় থেকে ফরিদপুর রুটে নীমতলা পর্যন্ত আরও ২০০ ট্রাক আটকা পড়েছে। 

গোয়ালন্দ মোড়ে আটকে থাকা ট্রাকের চালক মজনু সরদার সমকালকে বলেন, 'ঘাটে এসে বিপদে পড়তে হয় মাঝেমধ্যেই। কিন্তু এ ব্যাপারে তেমন কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। যে কারণে ভোগান্তি শেষ হয় না।'

অপর এক ট্রাকের চালক নুর ইসলাম বলেন, 'মঙ্গলবার সকাল থেকে গোয়ালন্দ মোড়ে আটকে আছি। কখন ফেরির নাগাল পাবো বলা মুশকিল। এদিকে ট্রাকের মালিক ও ট্রাকে থাকা মালামালের ব্যবসায়ী বারবার ফোন করে রাগারাগি করছে। তাছাড়া এমন একটি এলাকায় আটকে আছি যেখানে খাবারের কোনো হোটেল নেই। বাথরুমেরও কোনো ব্যাবস্থা নেই। ২০ টাকা রিকশাভাড়া দিয়ে খাবার খেতে যেতে হচ্ছে।'

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় দায়িত্বরত ট্রাফিক ইন্সেপেক্টর মাসুদুর রহমান মৃধা বলেন, 'দৌলতদিয়া ঘাট এলাকায় যাতে কোনো জটলা তৈরি না হয় সেজন্য গোয়ালন্দ মোড় এলাকায় ট্রাকগুলোকে সারিবদ্ধভাবে রাখা হচ্ছে। বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ ঘাট থেকে যে কয়টি যানবাহনের চাহিদা দিচ্ছে সেভাবেই পাঠানো হচ্ছে।'

এ ব্যপারে বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের ব্যাবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, প্রবল স্রোতে ফেরিগুলোর নদী পার হতে সময় লাগছে বেশি। যে কারণে কমেছে ফেরির ট্রিপ সংখ্যাও। তাই অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে কাঁচামাল বহনকারী ট্রাক।

আরও পড়ুন

×