বগুড়ায় করোনায় আরও দু'জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৭
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৭ জুলাই ২০২০ | ০১:৫৭ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ | ২২:৩২
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং করোনায় আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। শুক্রবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। বেলা ১১টায় অনলাইনে ব্রিফ করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. মোস্তাফিজুর রহমান জানান, নতুন করে ৫৭ জনকে নিয়ে জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৯৮০জন করোনায় আক্রান্ত হলেন। তবে ১৫ জুলাই সকাল ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ১৬ জন সুস্থ হয়েছেন। ফলে ১৬ জুলাই পর্যন্ত মোট ২ হাজার ৩১ জন করোনাকে জয় করেছেন। অবশ্য করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও দু’জনের মৃত্যু হওয়ায় মোট ৭৫ জনের মৃত্যু হলো।
মৃতদের মধ্যে একজনের নাম ইমতাজ (৬০)। বৃহস্পতিবার রাত ১টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে তার মৃত্যু হয়। পেশায় ব্যবসায়ী ইমতাজের বাড়ি শহরের খান্দার এলাকায়।
জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে ১৬ জুলাই পরীক্ষা করা ২৭০টি নমুনার মধ্যে ৩৯টি পজিটিভ আসে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে ৬৭টি নমুনায় পজিটিভ আসে আরও ১৮ জনের।
বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, নতুন আক্রান্তদের তেমন কোনো শারীরিক সমস্যা না থাকায় তাদেরকে আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে প্রয়োজনে তাদেরকে হাসপাতালে নেওয়া হবে।