প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রী ও ছেলের হাতে মুক্তিযোদ্ধা খুন
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ | ০৪:০৬ | আপডেট: ০৩ নভেম্বর ২০১৯ | ০৫:২৩
সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রী ও ছেলে মিলে এক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
রোববার সকালে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুল বারীক (৭৫)। এঘটনায় তার স্ত্রী আছিয়া খাতুন (৬০) ও ছেলে মিলন মিয়াকে (১৮) আটক করেছে পুলিশ।
দোয়ারাবাজার থানার ওসি আবুল হাসেম জানান, সুলতানপুর গ্রামের কালাশাহ্, রকিব ও হান্নানেরর সঙ্গে মুক্তিযোদ্ধা আব্দুল বারীকের জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর আগে ২০১৭ সালে মুক্তিযোদ্ধা আব্দুল বারীকের পক্ষের সঙ্গে সংঘর্ষে কালাশাহ্র মেয়ের জামাই খুন হয়। এই মামলায় আব্দুল বারীকের ছেলে সাবাজ আলী জেলে রয়েছেন। এই বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য স্ত্রী ও ছেলে মিলে আব্দুল বারীককে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
তিনি জানান, আব্দুল বারীকের ঘর থেকে রক্তমাখা লোহার শাবল উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায়ও শাবলের কয়েকটি আঘাত রয়েছে। বিকালেই মুক্তিযোদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
- বিষয় :
- সুনামগঞ্জ
- মুক্তিযোদ্ধা
- মুক্তিযোদ্ধা খুন