ইবির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ৪ নভেম্বর
ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ | ০৪:৫৫ | আপডেট: ০৩ নভেম্বর ২০১৯ | ০৫:৪২
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে।চলবে ৬ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন চার শিফটে চারটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দ্বিতীয় শিফট সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা, তৃতীয় শিফট দুপুর ২টা থেকে বিকেল ৩টা এবং চতুর্থ শিফট বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ে মোট ছযটি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা উপলক্ষে যে কোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। ক্যাম্পাসে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এছাড়া ভ্রাম্যমান আদালত সার্বক্ষণিক কাজ করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বছর বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের অধীন ৩৪টি বিভাগের ভর্তি পরীক্ষা চারটি ইউনিটে অনুষ্ঠিত হবে। ৩৪ টি বিভাগে ২৩০৫টি আসনের বিপরীতে এ বছর আবেদন জমা পড়ে ৬১ হাজার ৯৪২টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন গড়ে ২৭ জন ভর্তিচ্ছু।