মাজার-মসজিদে সিসি ক্যামেরা বসান: ধর্ম উপদেষ্টা
ছবি: সমকাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ২০:৪৪
দেশের বিভিন্ন জায়গায় মাজারে হামলার কথা স্বীকার করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আমরা মাজার এবং মসজিদ কর্তৃপক্ষকে অনুরোধ করব, আপনারা সিসি ক্যামেরা বসান। কোনো দুর্বৃত্ত যদি মাজার-মসজিদে হামলা চালায়, তাহলে তাকে চিহ্নিত করা সহজ হবে।’
রোববার কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।
তিনি এসব বিষয়ে (হামলা) আইনশৃঙ্খলা বাহিনীর কাছে রিপোর্ট আছে জানিয়ে বলেন, প্রতি মাসে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভাও হচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু মামলা হয়েছে। দায়ীদের অনেকেকে গ্রেপ্তার করা হয়েছে।
মাজার-মসজিদে হামলার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান ড. আ ফ ম খালিদ হোসেন। পাশাপাশি এলাকাবাসীকে পাহারা দেওয়ার আহ্বান জানান।
আগামী নির্বাচনের আগে তিনি পাগলা মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনের আশাবাদ ব্যক্ত করে ধর্ম উপদেষ্টা বলেন, পাগলা মসজিদ নিয়ে সারাদেশের মানুষের একটা আগ্রহ ও শ্রদ্ধাবোধ তৈরি হয়েছে। এখানে বিপুল পরিমাণ অর্থ জমা হয়। মসজিদের নিজস্ব সাড়ে পাঁচ একর জায়গা আছে। আরও জায়গা কেনা হবে। একটি ১০ তলা মাল্টিপারপাস কমপ্লেক্স হবে। এখানে এতিমখানা, আইটি সেকশন, ক্যাফেটেরিয়া, লাইব্রেরিসহ বিভিন্ন প্রতিষ্ঠান থাকবে। এর জন্য ৫০-৬০ কোটি টাকা খরচ হবে।
শনিবার রাতে ঢাকা থেকে কিশোরগঞ্জে পৌঁছে সার্কিট হাউসে রাত্রিযাপন করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার সকালে সদর উপজেলার মোল্লাপাড়ায় গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে নির্মাণাধীন মডেল মসজিদের নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি যান পাগলা মসজিদে। সেখান থেকে দুপুর ১২টার দিকে যান শহরের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসায়। সেখানে ‘ইসলামী অর্থনীতির গুরুত্ব’ শীর্ষক আলোচনায় অংশ নেন।
- বিষয় :
- ধর্ম উপদেষ্টা
- মসজিদ
- মাজার
- সিসি ক্যামেরা
