ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাসপাতাল থেকে নবজাতক চুরি, অব্যবস্থাপনার অভিযোগ

হাসপাতাল থেকে নবজাতক চুরি, অব্যবস্থাপনার অভিযোগ
×

ছবি: সমকাল

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ২১:০৩

হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ উঠেছে। রোববার দুপুরে নরসিংদী শহরের বাসাইল এলাকার ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিবপুর উপজেলার বাড়ৈআলগি এলাকার অটোরিকশাচালক শরিফ মিয়ার স্ত্রী মিথিলা গত শনিবার ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলেসন্তানের জন্ম দেন। রোববার দুপুরে হাসপাতালের কেবিন থেকে নবজাতকটি নিখোঁজ হলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণেই এই চুরির ঘটনা ঘটেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পরিবারের উপস্থিতিতেই এ ঘটনা ঘটেছে। এখানে তাদের কোনো গাফিলতি ছিল না।

হাসপাতালটির প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান জানান, মিথিলার নাম নিয়ে স্বজন পরিচয়ে এক নারী হাসপাতালে ঢোকে। তখন রোগীর পরিবারের লোকজনও সেখানে উপস্থিত ছিলেন। এরপরই নবজাতকটি নিখোঁজ হয়ে যায় বলে জানান রোগীর স্বজনরা।

নরসিংদী সদর থানার উপপরিদর্শক অনিক কুমার গুহ বলেন, ‘নবজাতক চুরির খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করেছি। আমরা হাসপাতালে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। নবজাতকটি উদ্ধারে কাজ করছে পুলিশ।’

অন্যদিকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, বোরকা পরিহিত অপরিচিত এক নারী আঁচলের নিচে করে কিছু একটা নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ওই নারী নবজাতকটি চুরি করে নিয়ে গেছে।

আরও পড়ুন

×