বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য জুলাই জাদুঘরে হুইলচেয়ার সেবা
ছবি: দ্রোহী তারা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ০৪:৪৪
শারীরিক প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জাদুঘর পরিদর্শন সহজ করতে বিনামূল্যে হুইলচেয়ার সেবা চালু করেছে জুলাই জাদুঘর কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকাল থেকে এ সেবা চালু হয়েছে। জাদুঘরে আসা দর্শনার্থীরা প্রবেশমুখ থেকেই হুইলচেয়ার ব্যবহারের সুযোগ পাবেন।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, হুইলচেয়ার ব্যবহার করে দর্শনার্থীরা পুরো জাদুঘর ঘুরে দেখতে পারবেন। তাদের সঙ্গে পরিবারের সদস্য বা স্বজন থাকলে তারা নিজেরাই হুইলচেয়ার পরিচালনা করতে পারবেন। আর একা আসা দর্শনার্থীর সহযোগিতায় থাকবেন জাদুঘরের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা। তারা জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী কক্ষ ঘুরে দেখতে প্রয়োজনীয় সহায়তা দেবেন।
জুলাই জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ বলেন, ‘শারীরিক সীমাবদ্ধতার কারণে কেউ যেন ইতিহাস জানার ও জাদুঘর পরিদর্শনের সুযোগ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সব দর্শনার্থীর জন্য সহজে প্রবেশযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় কর্তৃপক্ষ।’
তিনি আরও জানান, দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যে জাদুঘর ঘুরে দেখার জন্য স্বজনের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও সহযোগিতায় প্রস্তুত থাকবেন।
জাদুঘর কর্তৃপক্ষের ভাষ্য, অবকাঠামো নির্মাণের সময় থেকে হুইলচেয়ার ব্যবহারকারীদের চলাচলের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। প্রদর্শনী কক্ষগুলোতে তাদের চলাচল যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকেও নজর দেওয়া হয়েছে। শারীরিক প্রতিবন্ধী দর্শনার্থী বা তাদের পরিবারের সদস্যরা জাদুঘরের মূল ফটকে যোগাযোগ করে এ সেবা নিতে পারবেন।
- বিষয় :
- জুলাই যোদ্ধা
- জাদুঘর