ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

পুলিশের ওপর হামলা মামলা বগাসহ ১১ আসামি কারাগারে

পুলিশের ওপর হামলা মামলা বগাসহ ১১ আসামি কারাগারে
×
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ০৫:২১

চট্টগ্রামে খুলশী থানার ওসিসহ পুলিশের ওপর হামলার মামলায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বিহারি বগাকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। একই মামলায় আত্মসমর্পণ করে জামিন চাওয়া তাঁর ১০ সহযোগীর জামিনও নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পৃথক আরেকটি মামলায় বগার জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এ জি এম মনিরুল হাসান সরকার পৃথক দুটি মামলার শুনানি শেষে এসব আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন শাকিল, আবদুর রহমান, হাসান, সোহেল, মনির হোসেন ঈমন, দেলোয়ার হোসেন, রবিন হোসেন, রকি ওরফে পিচ্চি রকি, শাকিব খান, জাহাঙ্গীর প্রমুখ।

চট্টগ্রাম মহানগর এপিপি অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আসামি বগা কারাগারে ছিলেন। পুলিশের ওপর হামলার ঘটনায় খুলশী থানার মামলায় তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। একই মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা বাকি ১০ আসামির জামিনও নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গত ৬ অক্টোবর হত্যা-হুমকি, চাঁদাবাজি, বসতঘরে ঢুকে ভাঙচুর ও ক্ষতিসাধনের অভিযোগে খুলশী থানায় মামলা করেন নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা শেখ মুহাম্মদ আরিফ। মামলায় বগাসহ ৩৮ জনের নাম উল্লেখ করা হয়। এর আগে গত ১৮ অক্টোবর ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন বগা। আদালত সেদিন তাঁর জামিন নামঞ্জুর করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকে তিনি চট্টগ্রাম কারাগারে রয়েছেন। পুলিশের অপরাধ-সংক্রান্ত তথ্যভান্ডার পিসিপিআর অনুযায়ী, চাঁদাবাজি, হত্যাচেষ্টা, বিস্ফোরক, অস্ত্রসহ বিভিন্ন অপরাধের ঘটনায় বগার বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে। চলতি বছরের জুনে সরকারি জায়গা দখল নিয়ে প্রতিপক্ষের সঙ্গে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় আলোচনায় আসেন বগা। ওই ঘটনার পর ৮ জুন তাঁকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়। এরপর বিভিন্ন অপরাধের ঘটনায় তাঁর নাম সামনে এলেও একাধিক অভিযান চালিয়েও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তিনি চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।

আরও পড়ুন

×