মোটসাইকেল থেকে ছিটকে পড়লেন ২ নারী
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২০ | ১০:৪৩ | আপডেট: ২১ জুলাই ২০২০ | ১২:২৮
নরসিংদীতে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই নারীসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাতে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবপুর থানার খড়িয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন দিপু (২২), নরসিংদী শহরের বাসাইল মহল্লার মোহাম্মদ আলীর মেয়ে মনিরা বেগম (২৯) ও বিল্লাল হোসেনের মেয়ে ফারজানা হক রুপা (২২)।
জানা যায়, সোমবার রাত সাড়ে দশটার দিকে পাঁচদোনা বাজার এলাকায় তিন আরোহী নিয়ে চলা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান। এসময় মোটরবাইকের আরোহী দুই নারী ছিটকে রাস্তায় পড়ে যান এবং মোটরসাইকেল চালক দেলোয়ার হোসেনকে হিঁচড়ে আধা কিলোমিটার দূরে নিয়ে যায় পিকআপ ভ্যানটি। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ও মনিরা বেগমের মৃত্যু ঘটে। পরে রাতেই নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারজানা হক রুপা।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানিয়েছেন, নিহত দুই নারীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরিবারের সিদ্ধান্তমতে নিহত অপরজন মো. দেলোয়ার হোসেন দিপুর মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। দুর্ঘটনার সাথে জড়িত পিকআপ ভ্যানের চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- সড়ক দুর্ঘটনায় মৃত্যু
- ঢাকা
- নরসিংদি