পীরগঞ্জে করোনায় আক্রান্ত একজনের মৃত্যু
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ১০:৪২
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে লোকমান (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকালে তার মৃত্যু হয়। লোকমান উপজেলার ভেলাতৈড় হাজিপাড়া গ্ৰামের মৃত মজিদ উল্লাহ সরকারের ছেলে।
এলাকাবাসী জানায়, লোকমান বিভিন্ন শারীরিক অসুস্থতা নিয়ে কয়েকদিন আগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মেয়ের জামাইকে জমি লিখে দেওয়ার জন্য বুধবার সকালে দিনাজপুর থেকে মাইক্রোবাসে করে তাকে পীরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জোহরের নামাজের পর যৌদ্দপীর গোরস্থানে তার লাশ দাফন করা হয়। তিনি যে করোনায় আক্রান্ত ছিলেন সেটি এলাকার লোকজন না জানায় তার দাফন প্রক্রিয়ায় দুই শতাধিক মানুষ অংশ নেন। তার জানাজা-দাফনে স্বাস্থ্যবিধি মানা হয়নি বলে তাদের অভিযোগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল জব্বার জানান, লোকমান বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ আসে।