নারায়ণগঞ্জে ভবন ধস: নিখোঁজ শিশুর সন্ধানে তল্লাশি চলছে
রোববারের তোলা ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ | ০২:৩২ | আপডেট: ০৪ নভেম্বর ২০১৯ | ০৬:৩৪
নারায়ণগঞ্জে খালের ওপর নির্মাণাধীন চারতলা ভবন ধসে নিখোঁজ শিশুর সন্ধানে অভিযান চলছে।
সোমবার সকাল ৯টা থেকে শহরের এক নম্বর বাবুরাইল এলাকায় ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
নিখোঁজ ওয়াহিদ শহরের বাংলা বাজার মুদি ব্যবসায়ী রুবেল মিয়ার ছেলে। সে কাশিপুর উজির আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
রোববার বিকেলে নির্মাণাধীন ভবনটি ধসে তৈয়ব (১২) নামে এক শিশুর মৃত্যু হয়। এসময় আহত হয় আরও ছয়জন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বলেন, নিখোঁজ শিশুটির সন্ধানে ওই ভবন কেটে ভেতরে ঢুকে তল্লাশি চালানো হয়েছে, কিন্তু পাওয়া যায়নি। সিটি করপোরেশনকে ভেকু আনতে বলা হয়েছে। ভেকু দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে নিলে বিষয়টি পরিষ্কার হবে।
তিনি বলেন, বিল্ডিং কোড না মেনে অপরিকল্পিতভাবে খালের ওপর নির্মাণ করার কারণে ভবনটি ধসে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- ভবন ধস
- নিখোঁজ
- তল্লাশি