চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ
চাঁপাইনবাবগঞ্জ বাস টার্মিনাল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:২৭
বেতন বৃদ্ধির দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন বাসচালক ও তার সহকারীরা। আজ সোমবার সকাল থেকে এ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
বাসচালকরা জানান, ২৪ থেকে ৩২ ঘণ্টা কাজ করে একজন চালক প্রতিদিন বেতন পান ১৩৫০ টাকা, সুপারভাইজার পান ৫৭০ টাকা আর চালকের সহকারী পান ৫৩০ টাকা। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই বেতনে তাদের সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এ ব্যাপারে শ্রমিক ইউনিয়নের মাধ্যমে মালিকপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান তারা।
চালক ও সহকারীরা আরও জানান, রাজশাহী ও নাটোর জেলার চালকরাও একই দাবিতে কর্মবিরতি পালন করছেন। ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন, গ্রামীণ ট্রাভেলসের চালকরা এ কর্মসূচি পালন করছেন।
তবে খোঁজ নিয়ে জানা গেছে শুধু একতা পরিবহনের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। পরিবহনটির সংশ্লিষ্টরা জানান, তাদের মালিকপক্ষের সঙ্গে চালক ও কর্মচারীদের বেতন সংক্রান্ত সমস্যা সমাধান হওয়ায় বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
অন্যান্য ঢাকাগামী বাসচালক ও শ্রমিকরা জানান, গত ১৫ বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাসচালক, চালকের সহকারী ও সুপারভাইজাদের বেতন বাড়ানো হয়নি। ১৫ বছর আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত একজন বাসচালককে ১৩৫০, সুপারভাইজারকে ৫৭০ এবং হেলপারকে ৫৩০ টাকা দেওয়ার প্রস্তান দেন বাসমালিকরা, এখনও সেটাই দেওয়া হচ্ছে। দফায় দফায় বাস মালিকদের সঙ্গে বসেও সমস্যার সমাধান হয়নি। তাই সোমবার ভোর থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেটে চলাচলকারী সব বাস বন্ধ রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক, লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, ২১ সেপ্টেম্বর বাসস্টাফদের সঙ্গে মালিকপক্ষের বসার কথা ছিল। কিন্তু হঠাৎ করে সেই তারিখ পরিবর্তন করে মালিকপক্ষ। এতে হতাশ হয়ে বাসস্টাফরা ধর্মঘট পালন করছেন।
- বিষয় :
- চাঁপাইনবাবগঞ্জ
- বাস চলাচল বন্ধ
