সাত বছর পর গকসু নির্বাচন
চলছে গকসু নির্বাচনের ভোটগ্রহণ। ছবি-সমকাল
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:৪৬ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:৫৬
সাভারে বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) দীর্ঘ সাত বছর পর চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে যা বিরতিহীনভাবে চলে বিকেল ৩টা পর্যন্ত।
এবারের ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি পদে ৯ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জনসহ মোট ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬৩ জন প্রার্থীকে ভোট দেয় ভোটারা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ১৯টি ভোট কেন্দ্রে এ ভোট গ্রহণ হয়।
কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি ভোটকেন্দ্রের সামনে ভোটারদের পর্যাপ্ত উপস্থিতি ছিল। ভোটাররা উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে নিয়ম মেনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এর আগে প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আইডি কার্ড দেখে দেখে ভেতরে প্রবেশ করানো হয়। পরবর্তীতে তাদেরকে ভোট কেন্দ্রে প্রবেশের আগে আবারও চেক করা হয় যাতে করে কোনো শিক্ষার্থী শুধুমাত্র আইডি কার্ড ছাড়া মোবাইল, মানিব্যাগ, কলম, টিস্যু বা অন্যকিছু নিয়ে ভোটকেন্দ্র প্রবেশ করতে না পারে।
কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
ভোট প্রদান শেষে ইংরেজি বিভাগের শিক্ষার্থী সামিয়া জানান, জীবনে প্রথম ভোট দিলাম খুব ভালো লাগছে। সৎ এবং যোগ্য প্রার্থীকেই আমরা নির্বাচিত করবো। যাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের উন্নয়ন হবে।
ভিপি প্রার্থী আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শেখ খোদারনুর ইসলাম রনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোনো ধরনের সমস্যা নাই। জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী।
জিএস প্রার্থী মো. অনতু দেওয়ান বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। আমি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী এবং বিজয়ী হতে পারলে প্রতিমাসে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে একটি করে সাধারণ সভা করবো। যেখানে শিক্ষার্থীরা তাদের চাহিদা এবং অভিযোগ জানাতে পারবেন। সকলের অধিকার আদায়ে আমি কাজ করতে চাই।
এদিকে এবারের নির্বাচনে ভিপি পদে কয়েকজন স্থানীয় হওয়ায় বহিরাগতরা ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অনেক ভোটাররাই অভিযোগ করছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল আলম বলেন, নির্বাচনে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর মোট ৪ শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।
গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসেন বলেন, করা নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনারসহ ৯ সদস্যের কমিটি নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর দ্রুত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, দীর্ঘ সাত বছর পর চতুর্থবারের মতো এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, ভোটদানে শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে পরিচয়পত্র প্রদর্শন, ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।
- বিষয় :
- নির্বাচন
- ভোট
- গকসু
- গণ বিশ্ববিদ্যালয়
