ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

কুমিল্লা দক্ষিণ বিএনপির সম্মেলন আজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, সম্পাদক নির্বাচিত

কুমিল্লা দক্ষিণ বিএনপির সম্মেলন আজ
×

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১২:২৫ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১২:৪৫

আহ্বায়ক কমিটি দিয়ে প্রায় ১৬ বছর সাংগঠনিক কার্যক্রম চলার পর আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। বিকেল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠেয় ওই সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলন ঘিরে ইতিমধ্যে কুমিল্লা নগরীর টাউন হল মাঠসহ নগরীর প্রধান প্রধান সড়কে তৈরি করা হয়েছে অসংখ্য তোরণ। নেতাকর্মীদের ব্যানার-পোস্টার-ফেস্টুনে সাজানো হয়েছে মঞ্চ ও নগরীর সব সড়ক। 

সর্বশেষ ২০০৯ সালের সম্মেলনে সভাপতি হয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম রাবেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক হয়েছিলেন বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমিন উর রশিদ ইয়াছিন। এরপর আর সম্মেলন হয়নি। আহ্বায়ক কমিটি দিয়েই চলছিল দলের কার্যক্রম। 

দলীয় সূত্রে জানা যায়, সম্মেলনের উদ্বোধক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী ও আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। এতে সভাপতিত্ব করবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। 

সঞ্চালক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম। সম্মেলনে ১ হাজার ৪১৪ জন কাউন্সিলার ও অর্ধলক্ষাধিক ডেলিগেটস উপস্থিত থাকার কথা রয়েছে। 

সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার মো. ইউসুফ আলী বলেন, এবারের সম্মেলনে দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন উপজেলা ও পৌরসভা মিলিয়ে মোট ১৪টি ইউনিট আছে। প্রতিটি ইউনিট থেকে ১০১ জন কাউন্সিলার (ভোটার) আছেন। সে ক্ষেত্রে কোনো পদে ভোট হলে মোট ১ হাজার ৪১৪ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। 

তিনি আরও বলেন, একাধিক প্রার্থী না থাকায় সভাপতি পদে বর্তমান আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ও সাধারণ সম্পাদক পদে সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ১০ জন। 

দলের বর্তমান আহ্বায়ক (নতুন সভাপতি) ও সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন বলেন, গত প্রায় আট মাস আগে দায়িত্ব নিয়ে দক্ষিণ জেলার অধীন সব ইউনিটের সম্মেলন শেষ করে এখন জেলা কমিটির সম্মেলন হতে যাচ্ছে। দলের ত্যাগী নেতাদের নিয়েই দক্ষিণ জেলার একটি শক্তিশালী কমিটি হবে বলে আশা করি।

আরও পড়ুন

×