জুয়া খেলার পাওনা টাকা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ | ০৬:৩২
বরিশাল নগরীতে জুয়া খেলার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রূহুল আমিন (২৬) নামক এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার বিকাল ৪টার দিকে নগরীর আমানতগঞ্জ কশাইবাড়ি পুল এলাকায় এ ঘটনা ঘটে।
ঘাতক সুমন ওরফে লাইলী সুমন ঘটনার পর পালিয়ে গেছেন।
ঘটনাস্থল পরিদর্শনে এসে মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূইয়া জানান, রূহুল আমিন ও ঘাতক সুমন একই এলাকার বাসিন্দা ও একসঙ্গে চলাফেরা করতেন। তারা মোবাইলে লুডু খেলার মাধ্যমে জুয়া খেলতেন।
স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন, রুহুলের কাছে জুয়া খেলার ২৬ হাজার টাকা পেতেন সুমন। এ নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘাতক সুমনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কিশোর রিফাত (১৩) জানান, বিকাল ৪টার দিকে রূহুল আরও দুইজন বন্ধু নিয়ে কশাইবাড়ি পুল সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনের পাশে বসেছিলেন। এসময় সাইকেল চালিয়ে সেখানে আসেন সুমন। পাওনা টাকা নিয়ে রূহুল ও সুমনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমন তার পেছনে থাকা ধারালো অস্ত্র বের করে রূহুলকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এসময় তার সঙ্গে দুই বন্ধু পালিয়ে যায়।
রূহুল দৌড়ে পাশের ঈদগাহ মাঠে গিয়ে পড়ে গেলে সেখানেও তাকে কোপানো হয়। এরপর সুমন ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে স্থানীয়রা রুহুলকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়া জানান, রূহুল ওই এলাকার বাসিন্দা নন। তিনি ওই এলাকার শফিকুল ইসলামের মেয়েকে বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকতেন।
- বিষয় :
- বরিশাল
- জুয়া
- কুপিয়ে হত্যা
- পাওনা টাকা