ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কলম কিনে আনতে গিয়ে মোটরসাইকেল চাপায় নিহত

বাবার মরদেহ বাড়িতে রেখে জেএসসি পরীক্ষা দিল ছোট্ট নাফিজ

বাবার মরদেহ বাড়িতে রেখে জেএসসি পরীক্ষা দিল ছোট্ট নাফিজ
×

হাসপাতালে জেএসসি পরীক্ষা দিচ্ছে নাফিজ- সমকাল

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ | ০৮:২০ | আপডেট: ০৪ নভেম্বর ২০১৯ | ০৮:২৭

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জেএসসি পরীক্ষার্থী ছেলের জন্য কলম কিনে আনতে গিয়ে মোটরসাইকেল চাপায় মো. ইসলাম মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসলাম মিয়া ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি স্থানীয় বাজারে লেপ-তোষকের ব্যবসা করতেন।

এদিকে পিতার মৃত্যুর সংবাদে জেএসসি পরীক্ষার্থী নাফিজ (১৪) গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশগ্রহণ করতে রাজি নয় নাফিজ- এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহাগ হোসেন ছুটে যান নাফিজের পরিবারের কাছে। আবেগঘন পরিবেশে নাফিজকে পরীক্ষার দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করতে থাকেন। পরে নাফিজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ইউএনও। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের কেবিনেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন তিনি।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নাফিজ আড়াইহাজার পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবছর জেএসসি পরীক্ষা দিচ্ছে। সোমবার ছিল তার ইংরেজি বিষয়ের পরীক্ষা। সকাল ৮টার দিকে সে তার বাবাকে দোকান থেকে কলম কিনে আনার জন্য বলে। ছেলের জন্য বাবা কলম কিনে বাসায় ফেরার পথে বাড়ির সামনের রাস্তায় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল চাপা দিলে ঘটনাস্থলেই ইসলাম মিয়া মারা যায়। বাবার মৃত্যুর সংবাদে কান্নাকাটি করে অসুস্থ হয়ে পড়ে নাফিজ। কিছুক্ষণ পর পর জ্ঞান হারিয়ে ফেলে। পরে ইউএনও মো. সোহাগ হোসেন নাফিজকে হাসপাতালের কেবিনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন।

ইউএনও সোহাগ হোসেন সমকালকে বলেন, সংবাদ পেয়ে দ্রুত জেএসসি পরীক্ষার্থী নাফিজের বাসায় গিয়ে অসুস্থ নাফিজকে হাসপাতালে ভর্তি করি। সেখানে তাকে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা হয়। তাকে দেখভাল করার জন্য হাসপাতালে একজন শিক্ষক ও একজন পুলিশ সদস্য রাখা হয়।

তিনি আরও বলেন, নাফিজ তার বাবাকে হারিয়ে এতিম হয়ে গেছে। তার প্রতি সমবেনা রয়েছে। সে যেন লেখাপড়া চালিয়ে যেতে পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

আরও পড়ুন

×