কুষ্টিয়ায় অসুস্থ ক্রীড়াবিদের পাশে সমকাল সুহৃদরা
অসুস্থ ক্রীড়াবিদের পাশে সমকাল সুহৃদরা- সমকাল
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ | ০৯:২৬
এক সময়ের কৃতী ভারোত্তোলক ও বডিবিল্ডার অসুস্থ রতন কুমার পালের পাশে দাঁড়িয়েছেন কুষ্টিয়া সমকাল সুহৃদ সমাবেশের সদস্যরা। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পদক অর্জনকারী এই কৃতী খেলোয়াড় দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
সোমবার বিকেলে শহরের রাজারহাট মোড়ে আড়ূয়াপাড়ায় তার বাড়িতে গিয়ে দেখা করে সমকাল সুহৃদ সমাবেশের একটি দল। তারা তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন। এ সময় তিনি আবেগে কান্নায় ভেঙে পড়েন।
রতন কুমার পাল বলেন, আমি একজন খেলোয়াড় ছিলাম। দেশের হয়ে পদক ও সনদ অর্জন করেছি। এখন অসুস্থ অবস্থায় খেয়ে না খেয়ে দিন কাটে বিছানায়। কৃত্রিম হাঁটু সংযোজন করা হয়েছে। চলতে-ফিরতে পারি না। ওষুধ কিনতে পারি না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 'এখন মনে হয় খেলা করে ভুল করেছি। পত্রিকা ও টেলিভিশনের খবরে দেখি মুদি দোকানদার থেকে কোটি কোটি টাকার মালিক। দুঃখ হয় তখন। আমাদের কি কোনো অর্জন নেই?'
তার পাশে দাঁড়ানোর জন্য সমকাল সুহৃদদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি ড. জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আবু তালহা, উপদেষ্টা রোটারিয়ান প্রকৌশলী নজরুল ইসলাম, সমকালের জেলা প্রতিনিধি ও উপদেষ্টা সাজ্জাদ রানা, সুহৃদ সমাবেশের যুগ্ম সম্পাদক এম রহমান শোভন, অর্থবিষয়ক সম্পাদক আবদুল আজিম, সাহিত্য সম্পাদক ফিরদাউস, দপ্তর সম্পাদক আবদুল আজিজ, উপ-দপ্তর সম্পাদক জাহিদ ইকবাল রবিন।
১৯৮০ সাল থেকে টানা ২০০০ সাল পর্যন্ত রতন পাল খেলাধুলায় ছিলেন। এ সময় স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ মিলিয়ে প্রায় ৬০টির মতো পদক অর্জন করেন। বডিবিল্ডার হিসেবে মিস্টার বাংলাদেশ উপাধি পান একবার।
- বিষয় :
- বডিবিল্ডার রতন কুমার পাল
- কুষ্টিয়া