ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
অনির্দিষ্টকালের জন্য চমেকের ডেন্টাল ইউনিট বন্ধ ঘোষণা
ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন ও কর্মবিরতি পালন। ছবি: সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ | ২১:৫৯
ভঙ্গুর অবকাঠামো, যন্ত্রপাতির স্বল্পতা ও চিকিৎসাসেবায় নানাবিধ সীমাবদ্ধতার কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)-এর ডেন্টাল ইউনিটে অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ সোমবার ডেন্টাল ইউনিট ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেন তারা।
এদিকে চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকায় চিকিৎসাসেবা না পেয়ে ফিরে গেছেন অনেক রোগী। প্রতিদিন চট্টগ্রাম ও আশপাশের জেলার শত শত রোগী এই ইউনিটে চিকিৎসা নেন।
ইন্টার্ন চিকিৎসকরা বলেন, গত এক সপ্তাহ ধরে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য ইউনিটের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
তারা বলেন, চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবি প্রায় এক দশক ধরে আমরা জানিয়ে আসছি। এটি কেবল আমাদের পেশাগত স্বার্থ নয়, বরং দুই কোটি মানুষের মুখগহ্বর ও দন্তস্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় একটি প্রতিষ্ঠান। কিন্তু প্রশাসনের টালবাহানায় এ দাবিটি দীর্ঘদিন ঝুলে আছে। চিকিৎসা অবকাঠামোর দুর্বলতা ও যন্ত্রপাতির অভাব এখন রোগীদের চিকিৎসা সেবায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
আন্দোলনকারী ডা. আবরার আল ফয়সাল সিয়াম বলেন, ওয়ার্ডে রোগীদের সিরিয়াল দিতে হয় তিন মাস আগে। যন্ত্রপাতির স্বল্পতার কারণে এক রোগীর ব্যবহৃত যন্ত্রপাতি অন্য রোগীর মুখে ব্যবহার করতে হচ্ছে। এমনকি মুখগহ্বরের ক্যান্সার রোগীদের অপারেশনও অন্য বিভাগের থিয়েটার ভাগ করে করতে হয়—যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
ইন্টার্ন চিকিৎসকদের দাবি, অবিলম্বে চট্টগ্রামে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা এবং বিদ্যমান ডেন্টাল ইউনিটের অবকাঠামো উন্নয়ন, আধুনিক সরঞ্জাম সরবরাহ ও স্টেরিলাইজেশন ব্যবস্থার সংস্কার করতে হবে। রোগীদের স্বার্থে এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। সাময়িকভাবে রোগীদের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এ সমস্যার স্থায়ী সমাধান ছাড়া সেবা দেওয়া আর সম্ভব নয়।
- বিষয় :
- চট্টগ্রাম
- চমেক হাসপাতাল
- বন্ধ ঘোষণা
