ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাকসু নির্বাচন: ছয় ধাপে ২৫ বাসে করে আসছেন শিক্ষার্থীরা

রাকসু নির্বাচন: ছয় ধাপে ২৫ বাসে করে আসছেন শিক্ষার্থীরা
×

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় ছয় ধাপে ২৫টি বাসে করে ক্যাম্পাসে আসছেন শিক্ষার্থীরা। ছবি- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫ | ১২:২৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ | ১২:৩২

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় ছয় ধাপে ২৫টি বাসে করে ক্যাম্পাসে আসছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর জানায়, সকাল ৭টা, ৮টা, ৯টা, দুপুর ১২ টা, ২টায় মোট ৬টি ট্রিপে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে বাসগুলো।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। সে সময়ের মধ্য রাজশাহী শহর ও আশেপাশের এলাকা থেকে ২টি বাস ক্যাম্পাসে পৌঁছায় শিক্ষার্থীরা। বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোট। 

ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের হলে ও ভোটকেন্দ্রে আনার ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন স্থান থেকে বাসগুলো নির্ধারিত রুটে শিক্ষার্থীদের বহন করছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. মো. আব্দুর রাজ্জাক সরকার বলেন, অনাবাসিক শিক্ষার্থীদের ভোটে অংশ নিতে যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য আমরা ২৫টি বাস চালু করেছি, যাতে ভিড় ও বিশৃঙ্খলা না হয়। বিকেল ৪টা থেকে সবাই আবার ফিরতে পারবেন। ৪টা ও ৬টায় দুইটা বাস ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে গন্তব্যে যাবে।

তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করা হয়েছে।

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন।

রাকসুর ভোটার ২৮ হাজার ৯০১ জন। অন্যদিকে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট প্রার্থী ৮৬০ জন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে দুই হাজার পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব।

এ নির্বাচনে ১১টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে আলোচিত ৮টি প্যানেল হলো- ছাত্রদল মনোনীত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের নেতৃত্বে গঠিত ‘রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ’, সাবেক সমন্বয়কদের নেতৃত্বে ‘আধিপত্যবাদবিরোধি ঐক্য’, বাম জোটের ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ছাত্র ইউনিয়ন (একাংশ) ঘোষিত ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, সাবেক আরেক নারী সমন্বয়কের নেত্বতে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ইসলামী ছাত্র আন্দোলন মনোনীত ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’।

আরও পড়ুন

×