ব্যাংকের টাকা আত্মসাৎ
খুলনায় দুদকের মামলায় লস্কর গ্রুপের এমডি গ্রেপ্তার
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯ | ১০:১৯
প্রিমিয়ার ব্যাংকের প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে লস্কর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জুনায়েদ হোসেন লস্করকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এর আগে গত ১৯ আগস্ট জুনায়েদ হোসেন লস্করকে আসামি করে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোশাররফ হোসেন। আটক জুনায়েদ হোসেন সাতক্ষীরার কাটিয়া লস্করপাড়া এলাকার মৃত শাহাদাত হোসেন লস্করের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের খুলনা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নীলকমল পাল জানান, ২০০৪ সালের ২৭ জানুয়ারি থেকে ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত লস্কর গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান লস্কর ট্রেডার্সের নামে প্রিমিয়ার ব্যাংক থেকে ৪ কোটি ৯৭ লাখ টাকা ঋণ নেন জুনায়েদ হোসেন লস্কর।
২০১৭ সালের ১৮ নভেম্বর পর্যন্ত সেই ঋণ সুদাসলে ১০ কোটি ২৪ লাখে দাঁড়িয়েছে।