ধর্ষণচেষ্টার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ | ২২:৩৪
দিনাজপুরের বিরামপুরে ঘরে ঢুকে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাজু আহমেদ নামে যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার এই ঘটনা ঘটে।
রাজু বিরামপুর পৌরসভার শাহজাহান আলীর ছেলে ও যুবদলের বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক।
ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন ভুক্তভোগী। লিখিত অভিযোগে জানা যায়, প্রায় এক যুগ আগে স্বামীর সাথে ওই নারীর বিবাহ বিচ্ছেদ হয়। এরপর রাজু আহমেদ প্রায় ৪ বছর ধরে ওই নারীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এর আগেও ওই নারী রাজু আহমেদের বিরুদ্ধে বিরামপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। পরে স্থানীয়ভাবে সালিশ হলে রাজু আহমেদ ক্ষমা চান। পরে ওই অভিযোগ তুলে নেন ভুক্তভোগী নারী। এরপর সৌদি আরবে চাকরি নিয়ে চলে যান ওই নারী।
প্রায় দেড় বছর আগে ওই নারী দেশে ফিরে বিরামপুর পৌরশহরে বসবাস করছিলেন। মঙ্গলবার সকালে তিনি বাড়িতে এক থাকার সুযোগে রাজু আহমেদ তার ঘরে প্রবেশ করেন এবং দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করেন। পরে ওই নারী চিৎকার করলে রাজু আহমেদ পালিয়ে যান। পরে ওই নারী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
- বিষয় :
- ধর্ষণচেষ্টার অভিযোগ
- দিনাজপুর
- যুবদল
- গ্রেপ্তার
