মাসে ৫০ টন প্লাস্টিক পুনর্ব্যবহারের লক্ষ্য
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ | ০৭:৩১
| প্রিন্ট সংস্করণ
টেকসই শিল্প, পরিবেশ রক্ষা ও প্লাস্টিকের বিকল্প পণ্য উৎপাদনের লক্ষ্যে পটুয়াখালীর দুমকীতে যাত্রা শুরু করেছে ‘আলপথ লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান। কর্মকর্তারা জানিয়েছেন, মাসে প্রায় ৫০ টন প্লাস্টিক পুনর্ব্যবহার (রিসাইকেল) করতে চান তারা; যা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় লেবুখালী-বগা মহাসড়কের পাশে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটির নতুন কারখানা। শুক্রবার সকালে আনন্দমুখর পরিবেশে সেখানে ছিল উদ্বোধনী অনুষ্ঠান। স্থানীয় আজিজ আহম্মেদ কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাসরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডোভ।
এ সময় উপস্থিত ছিলেন আলপথ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তৌকির আহমেদ শাবাব, কো-পার্টনার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমান সুজয়, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালক ফাহাদ মেহেদীসহ অন্য কর্মকর্তারা।
তৌকির আহমেদ শাবাব বলেন, ‘আমাদের লক্ষ্য কেবল একটি ব্যবসা নয়, পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়া। দুমকীর মাটিতে এটি হবে ইতিহাস সৃষ্টি করা উদ্যোগ।’ তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির লক্ষ্য মাসে ৫০ টন প্লাস্টিক পুনর্ব্যবহার (রিসাইকেল) করা।
কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকায় আলপথ গ্রুপের গার্মেন্টস ইউনিট ইতোমধ্যে পাট, চামড়া ও জিওফ্যাব্রিকের ব্যাগ তৈরি করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও করপোরেট পর্যায়ে সরবরাহ করছে। স্কুলব্যাগ, ব্যাকপ্যাক, অফিস ব্যাগ থেকে শুরু করে কনভোকেশন ও সেমিনারের জন্য ব্যবহৃত ব্যাগসহ সব ধরনের পণ্যই উৎপাদন করা হচ্ছে এ ইউনিটে। দুমকীতে চালু হয়েছে পরিবেশবান্ধব কাটলারিজ ফ্যাক্টরি। এখানে সুপারির খোল দিয়ে তৈরি হচ্ছে প্লেট, চামচ, গ্লাস, লবণদানি ও ছুরি। এসব একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে। এসব পণ্য সভা-সেমিনার, বাসা-বাড়ি ও হোটেল-রেস্তোরাঁয় ব্যবহারের উপযোগী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার, আজিজ আহম্মেদ কলেজের অধ্যক্ষ আহসানুল হক, মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আবদুর রব প্রমুখ।
- বিষয় :
- প্লাস্টিক
