পাঁচ তরুণের মাথা ন্যাড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন
অভিযুক্ত ইউপি সদস্যের দলীয় পদ স্থগিত
সালিশে শাস্তির নামে প্রকাশ্যে পাঁচ কিশোর ও তরুণের মাথা ন্যাড়া করে দেওয়া হয়।
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ | ০৫:৩২
পটুয়াখালীর রাঙ্গাবালীতে পাঁচজনের মাথা ন্যাড়া করার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। গত সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামানকে প্রধান করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাহজাহান আলী ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবু ইউসুফ মো. সরোয়ার হোসেন।
এ তদন্ত কমিটিকে সরেজমিন তদন্ত শেষে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
‘পাঁচ কিশোর-তরুণের মাথা ন্যাড়া করালেন ইউপি সদস্য’ শিরোনামে দৈনিক সমকালসহ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন এ তদন্ত কমিটি গঠন করে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রেশাদ খলিফা নামে এই ইউপি সদস্যের দলীয় পদ স্থগিত করেছে বিএনপি। ছোটবাইশদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন নয়াব হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক চিঠিতে রেশাদ খলিফার দলীয় পদ এবং সাংগঠনিক সব কার্যক্রম স্থগিত করা হয়। রেশাদ খলিফা ছোটবাইশদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
এদিকে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হওয়ায় ঘটনা ধামাচাপা দিতে মরিয়া ইউপি সদস্য রেশাদ খলিফা। ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের ‘ম্যানেজ’ করার পাঁয়তারা চলছে বলে স্থানীয়ভাবে খবর পাওয়া গেছে।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী বলেন, রেশাদ ঘটনাটি বিএনপি হিসেবে ঘটায়নি। এলাকার ইউপি সদস্য হিসেবে ঘটিয়েছেন। তার পরও দল এ দায় নেবে না। এ কারণে তাঁর দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ জানান, এ ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
রাঙ্গাবালী থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, এ ঘটনায় কেউ এখন পর্যন্ত লিখিত কিংবা মৌখিকভাবে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নে সম্প্রতি জমি-সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে দুই তরুণের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে গত রোববার সকাল ১০টায় ইউনিয়নের মধ্য চতলাখালী গ্রামে সালিশ বসানো হয়। সালিশ বৈঠকে ইউপি সদস্য ও বিএনপি নেতা রেশাদ খলিফার নির্দেশে পাঁচ তরুণের মাথা ন্যাড়া করে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
- বিষয় :
- সালিশ
- তদন্ত কমিটি গঠন
