‘ওয়ার্ল্ড টক’ অ্যাপে পরিচয়-প্রেম, বিয়ে করতে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক
চীনা যুবক ওয়াং তাও ও তরুণী সুরমা আক্তার। ছবি: সমকাল
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫ | ১৭:৫৯
ডেটিং এবং সামাজিক যোগাযোগমাধ্যম ‘ওয়ার্ল্ড টক’ নামে একটি অ্যাপে পরিচয়, পরিচয় থেকে প্রেম। দেড় মাসের প্রেমের সম্পর্কের পর প্রেমিকাকে বিয়ে করতে চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এসেছেন যুবক ওয়াং তাও (৩৬)। গত শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ওই চীনা যুবক চলে যান নাসিরনগরের কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামে। রাতেই চীনা যুবককে দেখতে ভিড় করেন স্থানীয়রা।
পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা যায়, ‘ওয়ার্ল্ড টক’ নামে একটি অ্যাপে পরিচয় হয় ওয়াং তাও ও তরুণী সুরমা আক্তারের (১৯)। প্রথমে আলাপ, তারপর বন্ধুত্ব, পরে প্রেম। শেষমেষ দুই পরিবারের সম্মতিতেই বাংলাদেশে আসেন ওয়াং তাও। আজ রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে হবে এমনটাই জানিয়েছে সুরমার পরিবার।
সুরমার মা নুরেনা খাতুন বলেন, ‘আমার মেয়ের ভালোবাসা পেতে সে চীন থেকে এসেছে। ইসলাম ধর্ম মেনে মেয়েকে বিয়ে করবে এ প্রতিশ্রুতিও দিয়েছে।’
সুরমা আক্তার বলেন, ‘ও খুব অল্প সময়েই আমাকে আপন ভাবতে শুরু করে। সে বলেছে, আমাকে বিয়ে করবে। বিয়ের এক মাসের মধ্যে আমাকে চীন নিয়ে যাবে।’ ওয়াং তাও পেশায় ব্যবসায়ী বলেও জানান তিনি।
কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন বলেন, ‘শুনেছি, চীনের এক যুবক এসেছে। বিস্তারিত কিছু জানি না।’
নাসিরনগর থানার কুন্ডা বিট অফিসার মো. জাহান-ই-আলম বলেন, ‘পাসপোর্ট যাচাই করে নিশ্চিত হয়েছি, ওই যুবক চীনের নাগরিক। শুনেছি, আদালতে তাদের বিয়ে হবে।’
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- প্রেম
- বিয়ে
- চীন
