বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে অব্যাহতি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ | ২২:৩০
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগের পর দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সই করা নোটিশে বিভাগীয় জরুরি সভার সিদ্ধান্তে এ অব্যাহতির বিষয়টি জানানো হয়।
নোটিশে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় জরুরি সভা হয়েছে। এতে ড. শাকিবুল ইসলামের কাছে বণ্টন করা চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের কোর্সগুলো পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ডিএসএম৪২০৭ (রিসার্চ প্রজেক্ট) কোর্সে তাঁর সুপারভাইজার ও দ্বিতীয় পরীক্ষক হিসেবে দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়।
এ ছাড়া চতুর্থ বর্ষের পরীক্ষা কমিটির সদস্য পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্য শিক্ষককে নতুন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। সভায় আরও সিদ্ধান্ত হয়, ড. শাকিবুল ইসলামকে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এমএসসি ২০২৪-২৫ প্রোগ্রাম থেকেও সম্পূর্ণভাবে বিরত রাখা হবে। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, এক ছাত্রী বিভাগীয় প্রধান বরাবর লিখিত অভিযোগ জমা দেন। এর পরিপ্রেক্ষিতে বিভাগীয় একাডেমিক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে ড. শাকিবুল ইসলামকে ওই ব্যাচের সব একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যেহেতু ভুক্তভোগী প্রশাসন বরাবর অভিযোগ দিয়েছেন, তাই বিষয়টি যৌন নিপীড়ন সেলে গেছে। পরের পদক্ষেপ সম্পর্কে আমরা এখনও জানি না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং যৌন নিপীড়ন সেলের সদস্য সচিব ড. ইলিয়াছ প্রামাণিক বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে ১০ দিনের সময় বেঁধে দিয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ওই শিক্ষার্থী গত রোববার প্রক্টর ড. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. ইলিয়াছ প্রামাণিক এবং বিভাগীয় প্রধান বরাবর যৌন হয়রানির অভিযোগ দাখিল করেছেন।
