মার্চে বঙ্গবন্ধু রেল সেতুর কাজ শুরু: রেলমন্ত্রী
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ছবি: সমকাল
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ০৩:৪১ | আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ | ০৪:১৫
আগামী বছরের মার্চে জাতির পিতার জন্মশত বার্ষিকীতে সিরাজগঞ্জের যমুনায় বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে শহীদ এম মুনসুর আলী রেল ষ্টেশন ও শহরের রেলগেট এলাকার রেল ইয়ার্ডসহ আশপাশের এলাকা পরিদর্শন কালে সাংবাদিকদের একথা জানান।
রেলমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু সেতু দিয়ে ট্রেন চলাচল হুমকির মুখে পড়েছে। সেতুতে একটি লেন থাকায় ট্রেন চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া ভারত-বাংলাদেশে পণ্য পরিবহনে ভারী ওয়াগন বহনে সেতুটি সক্ষম নয়। তাই সব দিক বিবেচনা করে সরকার বঙ্গবন্ধু সেতুর উত্তর পাশ দিয়ে আরেকটি রেল সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে।'
এ সময় রেলওয়ের মহা-পরিচালক খন্দকার শফিকুল ইসলাম, জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
রেলমন্ত্রী বলেন, 'ইতিমধ্যেই রেল সেতু নির্মাণে টেন্ডারসহ যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে। অপেক্ষা শুধু নির্মাণ কাজ শুরু করার। ১৭ মার্চ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক এই সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করবেন, যা চার বছরের মধ্যে শেষ হবে ।’
রেলমন্ত্রী আরও বলেন, ‘সবাইকে রেলসেবার আওতায় আনার জন্য সরকার কাজ করছে। এরই ধারাবাহিকতায় উত্তরবঙ্গের যাত্রীদের ঢাকার সাথে যোগাযোগে দুর্ভোগ কমাতে সিরাজগঞ্জ হতে বগুড়ার সাথে সরাসরি রেললাইন নির্মাণ করা হবে। এ কাজও দ্রুতই শুরু করবে সরকার।’
- বিষয় :
- রেলমন্ত্রী
- যমুনা সেতু
- নির্মাণ কাজ
- বঙ্গবন্ধু