ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চবির শাটলে বসা নিয়ে বাগবিতণ্ডা, শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

চবির শাটলে বসা নিয়ে বাগবিতণ্ডা, শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
×

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫ | ০৩:৪২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে সিট নিয়ে কথা–কাটাকাটির জেরে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটের শাটলে ফেরার পথে ব্যবসায় প্রশাসন অনুষদের দুই বিভাগের শিক্ষার্থীর মধ্যে এ ঘটনা ঘটে। 

মারধরের শিকার রামপ্রসাদ সাহা ফাইন্যান্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত হিসেবে একই অনুষদের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের রিয়াজ শিকদারসহ অজ্ঞাত আরও কয়েকজনের নাম উল্লেখ করেছেন তিনি।

রামপ্রসাদ সাহার অভিযোগ, থার্ড সিটে বসা কেন্দ্র করেই শুরু হয় বিরোধ। তিনি জানান, বগিতে শিক্ষার্থীর ভিড় বাড়লে একজন এসে তার সামনে থার্ড সিটে বসতে চাইলে তিনি অসম্মতি জানান। তখন সামনের সিটে বসা রিয়াজ তাকে ‘বহিরাগত’ বলে গালাগাল করেন। একপর্যায়ে কয়েকজন মিলে তাকে মাটিতে ফেলে মারধর করা হয়। তার ভাষ্য, ‘আমাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করে মাটিতে ফেলে দেয়। যেখানে পারে আমার গায়ে ঘুষি-লাথি মারে। কানে ইনজুরি আছে, সেদিকেও আঘাত করে। আমি ভিডিও করতে গেলে ফোন কেড়ে নেয়।’

ঘটনার প্রত্যক্ষদর্শী স্যামুয়েল গনসালবেস বলেন, ‘রামপ্রসাদ ভাইয়া বলেছিলেন তিনজন বসা যাবে না। এ নিয়েই কথা কাটাকাটি হয়। এরপর সামনের সিটের রিয়াজ ভাই ‘বহিরাগত’ ট্যাগ দিয়ে মারধর শুরু করেন। কয়েকজন মিলে তাকে ট্রেন থেকে নামিয়ে বিভাগ-সেশন জানতে চান। পরে আবার ট্রেনে তুলে মারধর করেন।’

অভিযোগ অস্বীকার করে রিয়াজ শিকদার দাবি করেন, সিট নিয়ে রামপ্রসাদ সাহাই আগে উগ্র আচরণ করেন। তার ভাষ্য, ‘আমরা তিনজন বসি। আমি চেপে বসতে বললে সে রেগে গিয়ে বলে—‘আমার সেশন ১৯–২০, তুই কে?’ এরপর দাঁড়াতেই সে আমার বুকে ঘুষি মারে। পাশে থাকা আরেকজনের হাতেও লাগে। পরে বগির অন্যরা তাকে বাইরে নেয়, এরপর কী হয়েছে জানি না।’

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘ঘটনা শোনার পর সহকারী প্রক্টর সেখানে গিয়ে বিষয়টি মিমাংসা করেছেন। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

×