বরিশালে ধর্ষণের মামলায় ২ জনের যাবজ্জীবন
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ০৯:২১
বরিশালে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন এবং একজনকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের অনুপস্থিতে এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই বন্ধুকে একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৪ বছর কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া পৃথক আরেক ধারায় তাদের ১৪ বছর কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর সাগরদী চরেরবাড়ি এলাকার নজরুল ইসলাম এবং একই এলাকার সাকিল আহেমদ ওরফে হাতকাটা সাকিল। আর ১৪ বছরের দণ্ডাদেশপ্রাপ্ত নারী হলেন- দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলামের স্ত্রী নাসরিন বেগম। তাকে ১৪ বছরের দণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ট্রাইবুনালের বেঞ্চ সহকারি আজিবর রহমান জানান, চাকরির প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ২০০৩ সালের ৯ জুন বরিশাল থেকে লঞ্চে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ সময় লঞ্চের কেবিনে আসামি নজরুল ও সাকিল তাকে ধর্ষণ করে। ঢাকার বিভিন্ন স্থানে রেখেও তাকে ধর্ষণ করা হয়।
- বিষয় :
- বরিশাল
- বরিশালে ধর্ষণ