খুলনা রেলস্টেশন মাস্টারের সম্পদ অনুসন্ধানে দুদক
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ০৯:৩৫
খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকারের অবৈধ সম্পদের ব্যাপারে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যে তার ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য চেয়ে ৪৮টি ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া তার ও পরিবারের সদস্যদের নামে জমি, প্লট বা ফ্ল্যাট থাকলে তার তথ্য চেয়ে জেলা রেজিস্ট্রারের কার্যালয় এবং মালিকদের সংগঠনকে চিঠি পাঠানো হয়েছে।
দুদক খুলনার সমন্বিত জেলা কার্যালয় থেকে জানা গেছে, চলতি বছরের ৩১ জুলাই দুদকের প্রধান কার্যালয় থেকে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকারের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়। গত ২০ আগস্ট বিষয়টি তদন্তের জন্য দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক নীলকমল পালকে দায়িত্ব দেওয়া হয়।
সূত্রটি জানায়, গত ১০ অক্টোবর মানিক চন্দ্র সরকার, তার স্ত্রী অলকা রানী সরকার, মেয়ে হৈমন্তী শুক্লা এবং ছেলে শুভ কুমার সরকারের নামে কোনো ধরনের ব্যাংক হিসাব থাকলে তা জানাতে ৪৮টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি পাঠায় দুদক। একই সঙ্গে তাদের নামে জমি, প্লট, ফ্ল্যাট থাকলে তা জানাতে রিহ্যাবের প্রেসিডেন্টকে চিঠি পাঠানো হয়েছে।
দুদকের উপসহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা নীলকমল পাল সমকালকে বলেন, স্টেশন মাস্টারের অবৈধ সম্পদ আছে কি-না তা জানতে ব্যাংকসহ বিভিন্ন সংস্থার সাহায্য নেওয়া হচ্ছে। শিগগিরই এসব তথ্য পাওয়া যাবে। অনুসন্ধান প্রতিবেদন জমা দেওয়ার পরে আনুষ্ঠানিকভাবে সব কিছু জানানো হবে।
এ ব্যাপারে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার সমকালকে জানান, তার সম্পদের বিবরণ চেয়ে দুদকের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। সম্পদের বিষয়ে তার বক্তব্যও জানতে চাওয়া হয়। তিনি দুদককে বিস্তারিত জানিয়েছেন। এ সময় তার কোনো অবৈধ সম্পদ নেই বলেও দাবি করেন মানিক চন্দ্র সরকার।
- বিষয় :
- রেলস্টেশন মাস্টার
- খুলনা